কবিতা সম্ভাবনাময় সংশয়গুলো
কবি দেবজ্যোতি ভক্ত
Review This Poem

১)

আমি যদি আমাকে চিনতে না পারি

মৃত্যুর জলে যেনো ডুব দেয় সে নারী

যে দীর্ঘ ঘুম অথচ আমার কেউ না

যার ছায়ায় বিশ্রামরত পুরনো ঘৃণা

২)

ধরো – তোমার সামনে একটা নদী

পাশে আমি

ধরো – কোন গল্প হলো যা গল্পের চেয়ে

কিছুটা দামী

পাথরের পৃষ্ঠায় লিখে রাখা পথ

ভুলে যাই

অথচ যেতে যেতে কি যেনো ভেবে

পেছনে তাকাই।

৩)

অন্ধকার বলে যা আছে পৃথিবীতে

তা থেকে জন্ম নেওয়া কালো ফুল

আমাদের শহরের গা ঘেষে দাঁড়ায়

হয়তো প্রেমিকার মতো বিপদসঙ্কুল।

৪)

মনের ভেতর লুকিয়ে রাখা ঘাস

তোমাকে জানায়-

পুরনো সেই ভুলের পূর্বাভাস

আগুনের ডানায়।

৫)

অভিমানী কোন এক মেয়ে, সুন্দরী বড় বোনের চেয়ে

তাকায়ে আছে জানালায়, মেঘময় আকাশ দ্যাখা যায়

সে আকাশ দিয়ে যে প্লেন উড়ে দূরে যায় সন্ধ্যা নিয়ে

সে সন্ধ্যার শোক চোখ ভিজায়; কি কি আসে ভাবনায়?

বুকে নিয়ে এইসব প্রশ্নের বোঝা; অনুমানে উত্তর খোঁজা

সংশয়ে জাগিয়ে রাখে রাত, চাঁদভেজা নির্জন সংঘাত;

দুঃখের মতো তরতাজা গোপন সুরে তানপুরা হয়ে বাজা

মেয়েটার মনে সদ্যোজাত এক পাখি উড়ে আসে হঠাৎ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted