| কবিতা | বিবর্ণ কোলাজ |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা |
আমি বলছি নির্ভেজাল এক প্রেমের কথা,
চোখের সামনে দাড়িয়ে যে নিঃসংকোচে বলতে পারে ভালোবাসার কথা…
যে ভালোবাসার বীজ ছড়িয়ে দিতে পারে কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত হৃদয় বন্ধনের মাইলস্টোন।
প্রতিধ্বনিত হতে পারে মানুষের কণ্ঠশ্বরে আগামীর বার্তা,
জনতা ফের হাটবে পথ
জাগবে আবার উল্লাসে..
আমাদের ক্ষুদিরাম কিংবা ভগৎ সিংরা হাত ধরে চলবে নেতাজী কিংবা আজাদের…
সিংহাসন প্রেমী ধমান্ধাদের ধর্ম বিক্রির বাজারে..
ওদের পৈশাচিক উল্লাসে
সজীব আত্মা গুলো আবার হয়ে উঠবে বলিষ্ঠ প্রতিবাদ।
বাতাসে আজ উগ্র বারুদের গন্ধে মাতোয়ারা কিছু মাতালের বাচ্ছাদের হাতে অযোধ্যা কিংবা মুসলমানি চাঁদ,
হিংসা, ক্রোধ আর আগুনের লেলিহান শিখায় লালায়িত মসনদ,
বাদ যায় না মন্দির কিন্তু মসজিদ!
অসহায় ঈশ্বর আস্থানা খোঁজে প্রেমিকের প্রবঞ্চনায়।
দূরে কোথাও শান দিচ্ছে মেঘলা আকাশে ঝড়ের পূর্বাভাস,
এ যেন হারিবার তরে,
এ যেন মরিবার তরে,
আমার গন্তব্য স্থল জুড়ে
শুনশান আওয়াজ,প্যাঁচপ্যাঁচে
প্রেমের উদ্ভট গন্ধ
যানজট ঠেলে টোটোর নির্বোধ ঝাকুনিতে হোঁচট খাচ্ছে প্রতিদিনের বিশ্বাস!
মধ্যরাতের আড্ডায় মুখরিত
ইলোরা কিংবা যুবরাজ অথবা
রাজবাড়ীর গেটের আনাচে কানাচে
কাঁচা মাংস খুঁজে বেড়ায় কিছু
রাজনৈতিক সন্যাসীর দল!
কতগুলো ঝলসানো মুখ
মৃত্যুপুরীর মশারি ভেদ করে প্রতিদিন শেষ চুম্বনে উত্তক্ত করে প্রেমের নিকেশ কালো রাত্রিগুলি!
শেষ রাতে যদি আলিঙ্গন আমায় বিদায় জানায়,
হোক না সে শেষ বিদায়!
আমি ফিরে আসি বা না আসি
কাতর আর্তনাদে কেঁপে ওঠুক
বর্ণমালা-রা যত।
আমার দেহের প্রত্যেকটি কোষ
ভেদ করে জেগে উঠা প্রতিটি দানব
রং মশাল জ্বালুক
আমার দুঃখের বারান্দায়,
আমি নিদ্বিধায় রামের হাতে যেমন সীতার ভবিষৎ সমর্পন করতে চাইনি,
মোহাম্মদের হাতেও তুলে দিতে চাইনি আয়েশার নিস্কুলুষ হৃদয়।
এমন দুঃসহ দিন যাপনের পাণ্ডুলিপি আমার কাম্য নয় –
অভিমানী মন, বেদ – বাইবেল – কোরানের মিথ্যে অজুহাতে
মানুষ পোড়ানোর উৎসব তুলে দিতে চাইনি আমার প্রিয়তমার আঁচলে।
ভন্ড প্রেমের চুলোয় পুড়েছি রাতদিন,
মিথ্যে অপবাদে রক্ত বেঁচে মিছিলে হাঁটি তবুও…
প্রিয়তমার বাহুডোরে ততক্ষনে বাসা বেঁধেছে
মধ্যবিত্ত জীবন যন্ত্রনার টানাপোড়েন।
শীতকালীন অধিবেশনে লেখা হবে আমাদের মৃত্যুবান..
নিরুদ্দেশ কোন গন্তব্য
আমাকে অবিরাম হাতছানি দেবে,
বিষাক্ত হৃদয় মরে আছে বহুদিন,
আগুনে ঝলসানো মুখ
খুঁজে ফেরে বারবার একটু বিশ্বাস।
…………. …………