কবিতা কয়েকটা নির্বাক সেতু
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

দিনান্তে ভালোবাসার আপদ,
সন্ধিক্ষনে জীবন্ত দুটি কাকতাড়ুয়া
কিংবা মাঝ বরাবর নির্বাক যোগাযোগ সেতু!

নির্বোধ পৃথিবীর মন গুলো ভাঙনের খেলায় মেতে উঠে অহেতুক
অথচ জানে না ভালোবাসা হেতু।

সকলই আজ আলোচনায় ঝড় তোলে
কখনও তুফান
বিষয়ান্তে একটু অনাদরে আলিঙ্গনে জন্ম হয়
কতগুলো জারজ মুহূর্তের!!

ক্ষনিকের তরে ভিজে যাওয়া বর্ষণ,
পরশ্রীকাতরতার স্বাগতম উল্লাসে
আরঙ্গজেবের কবরে খোঁজে বিশল্যকরণী!!

সব কিছু অনর্থক —
মুহূর্তে জড়ানো উষ্ণ চুম্বন,
ক্ষয়ে চলা দিন যাপন,
কিংবা কোন এক শীতের রাতে তোমাকে জড়িয়ে ধরে
উষ্ণ আদরে লেখা দু কলি রহস্যময় আদিরস ছন্দে উদ্বেলিত কবিতা!

আদতে আমরা যখন ভালোবাসা ভেবে নিজেদের আঁকড়ে ধরার চেষ্টা করি,
তখন আমাদের মাঝে এসে দাঁড়ায় বিলকিস বানো আর অশোক কাননে লজ্জা হারানো
আমাদের সভ্যতা।

অতঃপর-
হৃদয়ের দখল নেয় রাষ্ট
কিংবা বিছানার মালিক হয়ে উঠেন ক্ষমতাধর শোষন-কারি কোন এক শাসক।

আমাদের মাঝ বরাবর অবরুদ্ধ
নির্বাক প্রেম সতীত্বের পরীক্ষা দেয়
ত্রেতা যুগের অগ্নিকুন্ডে।

ওসব প্রতিবাদ লালকেল্লার মাটি খুঁড়ে খুঁজে পায় ডাইনোসরের জীবাশ্ম..
দিল্লীর মসনদে গরম চায়ের কেটলি হাতে
রাজা বিক্রি করে মানুষের রক্ত।

আমাদের চুম্বন বিষাক্ত হয়ে উঠে,
রক্তে ভিজে যাওয়া ঠোঁট
আজ বড্ড তোমার কাছে ফিরে যেতে চায় —
যদিও আমাদের মাঝে বসবাস করে
সম্পর্কহীন ভালোবাসা হেতু
অনেক গুলো অবাঞ্চিত নির্বাক সেতু।
…….. ……..

guest
0 Comments
Newest
Oldest Most Voted