কবিতা সুরের আকাশে লতা মা
কবি অসীম চক্রবর্ত্তী
লিখার স্থান কলকাতা
Review This Poem

শতাব্দীর কণ্ঠস্বর হঠাৎ গেল থেমে
বাজছে শুধু গানের ইতিহাস
ভারতবাসীর হৃদয় উঠলো কেঁদে
আকাশ পানে চললো সুরের আকাশ ।

মা যে চলেছেন সুরের সিঁড়ি চড়ে
স্বর্গবাসে হলাম মাতৃহারা
কণ্ঠ জাদু গানের সিঁড়ির স্তরে
সাজিয়ে রেখে সুরের ধ্রুবতারা ।

ভাসান কভু হয়না যে সুর মায়ের
তুমিই মাগো গানেরই শাশ্বতী
সবার কণ্ঠে তোমার কণ্ঠ বাজে
তুমিই মাগো সুরের সরস্বতী ।

চোখের জলে ভরিয়ে তোমার চরণে
হলো সকল ভারতবাসী ধন্য
এক ফোঁটা জল চোখের দুটি কোণে
রেখেছি ধরে শুধুই তোমার জন্যে ।

এক ফোঁটা জল রাখবো মোরা যতনে
আজীবন ধরে তোমার স্মৃতির স্বরণে
তোমার কণ্ঠ বাজবে যখন হৃদয়ে
ঝরাবো মোরা তোমার স্মৃতির চরণে ।

চির প্রণম্য সঙ্গীতের তুমি ঈশ্বর
কণ্ঠ তোমার অতীব অবি-নশ্বর
গায়কী বিস্ময় আর অতিলৌকিক কণ্ঠ
থাকবে হৃদয়ে সহস্র সহস্র বৎসর ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted