| কবিতা | অন্তঃসূর্যের আলো |
| কবি | অভিজিৎ হালদার |
| সময় | জুলাই, ২০২৫ , দুপুর |
| উৎসর্গ | পৃথিবীর সমস্ত প্রেমিক যার এই শহরের ভিড়ে হারিয়ে গিয়েছিল কোনো এক বেদনার আগুনে। |
| লিখার স্থান | নদীয়া, পশ্চিমবঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
অন্তঃসূর্যের আলো
- অভিজিৎ হালদার
আমার চোখের আলো নিভে যায়,
জীবন যেন এক দীর্ঘসূত্র বিষাদের ছায়া,
তবু তোমার চোখের সেই কিঞ্চিত জ্যোতি,
নতুন এক সূর্যোদয়ের আশ্বাস বয়ে আনে।
তোমার চোখ মানে উত্তর আকাশ,
নক্ষত্রের মতো দূর অথচ চিরচেনা,
আমি দাঁড়িয়ে থাকি, দুই চোখে অন্ধকার,
হাত বাড়িয়ে চেয়েছি সামান্য একটু দীপ্তি।
সে দীপ্তি দিয়ে আমি দুয়ারে আলো জ্বালাতে চাই,
তোমার নামের আলোয় চৌকাঠ ভিজিয়ে দিতে চাই,
প্রতি রাত তোমাকে চিনে ফেলে অন্ধকারের মধ্যেও,
প্রতি সকাল যেন জেগে ওঠে তোমার হৃদয়ছায়ায়।
আমি দিতে চাই একশো ফোঁটা তাজা রক্ত,
হৃদয় ছিঁড়ে এনে দিই তোমার পায়ের নীচে,
কেননা আমার প্রেমের বীজ বপিত আছে তোমার ভেতরেই,
সেই সুপ্ত বীজকে জাগাতে চাই বিসর্জনের অগ্নিতে।
তুমি কি বুঝতে পারো, আমার নিঃশ্বাস গোনা দিনগুলো,
তোমার নামের মৃদু উচ্চারণেই যেন দীর্ঘায়িত হয়?
তুমি কি জানো, আমার শরীরের প্রতিটি শিরায়
তোমার ছায়া-প্রবাহ গহীন নদীর মতো বয়ে চলে?
জীবনের সমস্ত আলো তোমার হৃদয়েরই দান,
আমি শুধু একজন ধারক, গ্রহণ করেই চলেছি,
আমার অনুবর্তী ছায়া যদি একদিন চূর্ণ হয়,
তাও চাই সে হোক তোমার চোখের বর্ণে নীল।
তোমার হৃদপিণ্ড এক গোপন কক্ষ,
যেখানে প্রতিটি প্রেমিক জন্ম নেয় আর হারিয়ে যায়,
আমার প্রেমও সেখানে জন্মেছে –
নিঃশব্দ, নিঃসঙ্গ, তবু অমোঘ।
আমি চাইনা পুনর্জন্ম, চাইনা আশ্বাসের কবিতা,
শুধু চাই সেই বীজ অঙ্কুরিত হোক রক্ত জলে ভিজে,
তুমি বুঝবে না, তবুও বলি,
এই প্রেম কোনো সাধারণ আগুন নয়।
তোমার জন্য লিখেছি রক্ত দিয়ে শত শত চিঠি,
কোনোটি হয়নি পাঠানো, শুধু রেখেছি হৃদয়ের খামে,
প্রেম মানে প্রাপ্তি নয় বরং এক অব্যক্ত অঙ্গীকার,
চিরকাল চুপ থেকে ভালোবাসা বয়ে নিয়ে যাওয়া।
প্রতিটি ফোঁটা রক্ত মানে একটি প্রার্থনা,
যা আমি তোমার নীরব হৃদয়ের দ্বারে রাখি,
তুমি নেবে কি না জানি না,
তবু আমি রেখে যাই নিঃশর্ত ভালোবাসা।
আমি এমন আলো চাই যা পোড়ায় না,
শুধু জাগিয়ে তোলে – কোমল, ধীরে ধীরে,
তোমার চোখের পলক যেন আমার গোধূলির ঘন্টাধ্বনি,
সেই শব্দে আমি প্রতিদিন মুছে ফেলি মৃত্যু।
তুমি কি জানো, আমি কখনো চাইনি কিছু পেতে,
শুধু চাইনি হারাতে তোমাকে,
এই হৃদয়ের হিমায়িত কোণে বসে,
আমি কাঁপতে কাঁপতে ভালোবেসে গেছি তোমাকে।
এই কবিতার প্রতিটি লাইন তোমার রক্তে লেখা,
আমার নয়,
আমি তো কবেই নিঃশেষ,
তুমি বাঁচলে, এই কবিতা বেঁচে থাকবে।
তোমার হৃদয়ের গভীর ছায়ায় দাঁড়িয়ে,
আমি শেষবারের মতো দেখি আমার প্রতিচ্ছবি—
তাতে নেই আমি,
আছে শুধুই তুমি।।
© Copyright Reserved
Abhijit Halder