| কবিতা | ডাক টিকিট |
| কবি | নাইমুর রহমান |
| কাব্যগ্রন্থ | মহাকালের কাব্য |
| সময় | ১১ মে ২০২৪, রাত ২ঃ৩৬ মিনিট |
| উৎসর্গ | “প্রাপকের অপেক্ষায় থাকা একখানি চিঠিকে” |
| লিখার স্থান | Bashundhara R/A, Dhaka |
| সম্পৃক্ততা | দূরত্ব, অপেক্ষা ও না-পৌঁছানো কিছু কথার সঙ্গে। |
| কবিতার বিষয় | প্রেম |
ডাক টিকিট
একটা ছোট্ট ডাক টিকিট,
কাগজের বুক চিরে ছুটে যায়,
শহরের ব্যস্ততা কিংবা গ্রামের নীরবতা,
সেতু হয়ে মিলিয়ে দেয় দূরত্বের আকাশ।
যে হাতে ছুঁয়েছিল ভালোবাসা,
সে হাতে লিখে দিয়েছিল কিছু শব্দ—
বুকের গভীরে জমে থাকা আর্তি,
প্রতিশ্রুতির মলিন কালি।
ডাকঘরের মেঘলা জানালায়,
তোমার অপেক্ষায় কাঁপে ডাক টিকিট,
যেন প্রতিটি স্ট্যাম্পে লেখা তোমার নাম,
এক বুক পুড়ে ছুটে চলে, সীমানার বাইরে।
ভাঁজ খোলা চিঠির ভেতর বন্দি স্বপ্ন,
দূরত্বের প্রাচীর ভাঙতে চায়,
একটা ডাক টিকিট জানে না—
ভালোবাসা কি চিঠির ভিতর বন্দি থাকে?
শেষমেশ, তুমি কি পড়ো সেসব শব্দ?
নাকি ডাক টিকিটটাই থেকে যায়,
ভালোবাসার একমাত্র সাক্ষী হয়ে,
অব্যক্ত কান্নার মতো বুকে জমা?
একটা ছোট্ট ডাক টিকিট,
তার ছোট্ট জীবনে বহন করে
কত অগণিত অশ্রু, হাসি আর স্মৃতি,
তবুও সে জানে, সে ভালোবাসার দূত।
(নাইমুর রহমান)
কল্পনার জগতের গল্পকার—