কবিতা মূর্খ,বড্ড মূর্খ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা যন্ত্রনা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

মূর্খ,বড্ড মূর্খ
************
সুজিত কুমার ভৌমিক
*********************

শুনেছিলাম এ আই নাকি,
সবকিছু করতে পারে।
বড় বড় কঠিন অংক সমাধান
করতে পারে দুধ থেকে সর
তোলার মত এক নিমেষে।।

দশ পাতার লেখাকে দশটি বাক্যের
মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সমন্বিত
করতে পারে চোখের পলকের মধ্যে।
আবার দশটি শব্দকে ১০ পাতায়
টেনে হিঁচড়ে বানাতে পারে এক লহমায়।।

আমি আগ্রহ বোধ করলাম।
হৃদয়ের অন্তস্থল থেকে কিছু প্রশ্ন
বেছে বছে, এ আইকে নিয়ে
বসে পড়লাম কোন এক
স্নেহনীড় আবেগ নিয়ে।।

প্রশ্ন করলাম-“পারবে ওই হতাশ
বেকারগুলো যারা দিন,রাত
অপেক্ষায় রত সাদা,বিবর্ণ অবয়বে,
ওদের মুখে চাকরীর আনন্দ ফোটাতে?”
এ আই চুপ করে থাকল।।

আচ্ছা-“ওই যে বৃদ্ধাশ্রমে বসে বসে
কাঁদছে অবলা বৃদ্ধগুলো যারা সারাটা
জীবন মোমবাতির মত পুড়ে পুড়ে
সম্তানদের আলো ও তাপ দিয়েছে
ওদের পরিবারকে এক করে দিতে?”
এ আই নিরুত্তর থাকল।।

“ওই দ্যাখতো সম্পত্তির জন্য এক মাকে
হাতুড়ি দিয়ে মারছে তারই নাড়ী ছেঁড়া রত্ন,
যে সারাটা জীবন ধূপের মত পুড়ে
সন্তানদের সুবাস বিতরন করেছে,
এখন ঘরের কোনে বসে বসে কাঁদছে।
পারবে উনার ব্যাথা কমিয়ে দিতে?
এমন কোন ওষুধ আছে তোমার কাছে?”
এ আই কোন উত্তর দিল না।

আমি মুচকি হাসলাম।
ভাবলাম কয়েকটি শক্ত পাথর পদার্থ,
কিছু নীরস আবেগহীন বিষয় বা
কিছু কঠিন কেলাসাকার শক্ত অঙ্কের
সমাধান হয়ত করতে পারে…কিন্তু
স্নেহ,মায়া,মমতা,ভালোবাসা,আশা
আকাঙ্ক্ষা বা হৃদয় কিছুই বোঝে
না এই মানবতাহীন এ আই।
এ আই মূর্খ,বড্ড মূর্খ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted