কবিতা রাষ্ট্র বনাম ভাত
কবি রাহাদ এইচ. শিশির
লিখার স্থান বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী, রূপক, স্বাধীনতা
Review This Poem

তুমি জানো?
কেন কবরের পাশে শুয়ে থাকলে তোমার ঘুম আসবে না?
কেন কোন পাখিকে তাড়ালেই সে উড়ে যায়?
কেন নাগরিক নিয়ে রাষ্ট্রের কোন মাথা ব্যাথা নেই?

আমি জানি,
দুপুরের পরে ক্ষুধার্ত পেটে
ভাত, আলু আর ডাল মেখে চেটেপুটে খাওয়া যায়;
আর রাতে, লবণ,পেয়াজ আর কাঁচা লংকা;

আমার মনে হয়না যাদের মিছিলে, সভায়
রাস্তা বন্ধ মানুষ আসে তারা কখনো ভাতের অভাবে পড়েছে
আজকে বিরোধী দলের চিফ হুইফ এসেছে
এর আগে রাষ্ট্রপ্রধানও এসেছিলো
হয়ত আগামীতে জাতিসংঘের মহাসচিব ও আসবে
তবে,
আমার মনে হয়না তারা কখনো ভাতের অভাবে পড়েছে;

এখন তুমি জেনেছো,
কববের পাশে শুয়ে থাকলেও ক্ষুধা লাগে
হাওয়া খেয়ে বেশিদিন বাঁচা যায় না
প্রেমিকার অভাব ভুলে থাকা গেলেও
বন্ধুর অভার ভুলানো যায় না;

এরপর জানবে কবরের ভেতরে কোন ক্ষুধা নেই
তাই যারা খুন খারাপি করে তাদের আজকাল বাহবা দেয়
আজকাল চোর বাটপার না হলে
আলিশান বাংলোতে থাকা যায় না;

জানবে, রাষ্ট্র পরিচালনার তিনশো তের’টি গোপন পদ্ধতি
নাগরিকের গলায় পা’ না দিলে মন্ত্রীসভার চালানো যাবে না
বিজ্ঞাপনের নিচে যার লাশ চাপা পড়ে গেছে
সে কখনো মিছিলে যেতে পারেনি;
সংবিধানের অনেক গুলো পাতা সে খেয়েছিলো
বিভিন্ন ধারা, উপধারা,অনুচ্ছেদ সহ
কিন্তু কি আশ্চর্য
একটা রুটির ক্ষুধাও এ সংবিধান মেটাতে পারেনি।

এখন তুমি জেনেছো
কেন কোন পাখিকে তাড়ালেই সে উড়ে যায়;

guest
0 Comments
Newest
Oldest Most Voted