কবিতা আসা-যাওয়ার মাঝে
কবি শাদমান শাদীদ অনন্ত
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

“ইচ্ছে হলেই চলে যাওয়া যায়,কিন্তু আসতে গেলে অনুমতি লাগে”

বিধায় দরোজায় দাঁড়িয়ে আছি,অনুমতির অপেক্ষায়

বহুকালের নিস্তব্ধতা ভেঙে কড়া নেড়েছি,
কিন্তু পা’য়ের আওয়াজ শোনা যাচ্ছে না

প্রখররোদের পর পাখিরা নীড়ে ফেরার কথা বলছে
আর আমি দেখছি
একটা শুঁয়োপোকার আস্তে আস্তে প্রজাপতি হয়ে যাওয়া।
মনে হলো পাশের বাড়ির অপরাজিতা দেয়াল টপকে এসে পড়েছে
এবাড়ির আঙ্গিনায়,
সেখানে ফুলের জন্য বিশ্বযুদ্ধ চলছে প্রজাপতিদের ডানায়।

কয়েক যুগ অপেক্ষার পর অশ্বত্থের সুপারিশ করা মলিন কাগজে
‘আমি মাছ হতে চাই’ লিখে ঠেলে দিলাম চৌকাঠের নিচে।

গন্তব্য শূন্যতা,নিরেট আকাশের নীলচে ছাদ আর সমুদ্র যেখানে মিলিত হচ্ছে সেখানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted