কবিতা যুদ্ধ বন্ধ হোক
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

ভোর হলেই বিদায় নেবার সাজ
সিঁদুর লালে মা তোর আভরণ
শেষ বরণের রিক্ত কারুকাজ
গলির চালায় দু তিন অনশন ।

প্রথম যেদিন বোধন হয়ে এলি
মিটিয়ে দিয়ে সকল ভেদাভেদ
খুব গোপনে দাঁড়িয়ে অঞ্জলি
ভোগ পাতে মা ক্লিষ্ট ক্ষুধার ক্লেদ !

জীবন যখন গনগনে এক আঁচে
জ্যান্ত পোড়ায় এই আমাদের ভিটে
তুই এনেছিস সেই অমানুষ ধাচে
লুকিয়ে সেসব বিবাগী কালসিটে !

ইট ভাটাতে চাল ছড়ানো জালে
মা চলে যায় মজুত গুদোম ঘরে
সব দেখেছি রংবেরংয়ের আলোয়
কান্না বিকোয় উৎসবেরই দরে !

দু এক কলি আমিও ওদের মত
বলব বলে মুখিয়ে যখন সেবার
হেচকা টানে কলার ছিড়ে নত
চোখ ভেসে যায় মাগো পূজা দেখার !

এই ব্যবধান তুই করেছিস মাগো
চুপটি করে বলছি নিজের মনে
সাদা কালোর প্রভেদ বিভেদ যত
ঘুচিয়ে দিয়ে যা না বিসর্জনে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted