কবিতা প্রিয় বন্ধু
কবি নজরুল ইসলাম খান
সময় ডিসেম্বর ২০২২, বিকাল
উৎসর্গ তাসলিমা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, বিরহ, মৃত্যু
Review This Poem

প্রিয় বন্ধু
————-
—নজরুল ইসলাম খান

আমার যখন মরণ হবে ,
সবাই তোমায় সরিয়ে দেবে ।
কাফনঢাকা নিথর দেহ,
অনাদরে পড়ে রবে ।

আমায় তোমার ধরতে মানা,
হৃদয় যতই হোক দেওয়ানা।
নিষেধ আছে পাশে বসে,
আকুল হয়ে মরাকান্না ।

তুমি কিন্তু একটু ফাঁকে ,
ছুয়ে দেবে আঙুলটাকে ।
সঙ্গী করে বিদায় নেব ,
সেই স্পর্শের সুখটাকে ।

বিদায় বেলা ঘোমটা খুলে ,
দেখে নিও লজ্জা ভুলে ।
স্মৃতি মাখা আবেশটুকু ,
জড়িয়ে রবে মর্মমূলে ।

দাফন শেষে কবর পাশে ,
হঠাৎ যখন সন্ধ্যা আসে ।
তুমি খানিক থেমে যেও ,
প্রিয় বন্ধু আমার কাছে ।

যখন তোমার হয় অবসর ,
দেখে যেও আমার কবর ।
পিপীলিকার কানে কানে,
জেনে যেও সকল খবর ।

মাঝে মাঝে স্বপ্নে এসে,
আগের মতন ভালবেসে ,
ধরব তোমার হাত দুখানা ।
উঠব হয়ত অট্ট হেসে ।

সকল কাজের শেষে, যখন
ক্লান্তি আসবে তোমার, তখন
চলে এসো একেবারে ;
ঘুমিয়ে রবো জড়িয়ে দুজন।

১৭/১২/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted