| কবিতা | জগৎ জুড়ে উদার সুরে |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | গীতাঞ্জলি |
| সময় | আষাঢ়, ১৩১৬ |
| লিখার স্থান | বোলপুর |
জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলো
সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা
বসিবে নানা সাজে।
নয়নদুটি মেলিলে কবে
পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব
সবারে যাব তুষি।
রয়েছ তুমি, এ কথা কবে
জীবন-মাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম
ধ্বনিবে সব কাজে।