বাংলা কবিতা, মাতাল শহর কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা মাতাল শহর
কবি মুহতাসিম তকী
সময় ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
লিখার স্থান নিউ ইস্কাটন, ঢাকা
Review This Poem

মাঝে মাঝে মাতাল দেখতে ভালো লাগে,
এই শহরের রাস্তায়,
রাত নামলেই আজকাল মাতাল দেখতে বেরোই।
শহরের প্রতিটি পানশালার
দ্বারে দ্বারে আমি রাত বিরাতে ঘুরি।
এক পেট ভর্তি ক্ষুধা আর অবসন্নতা
নিয়ে,
আমার আজকাল মাতাল দেখতে বড্ড ভালো লাগে।
মাতালগুলো খুব বেশিই হতাশা প্রিয়,
কারো বা প্রেমিকা চলে গেছে,
কেউ ব্যবসা বাজিতে খুইয়েছে সব।
কেউ আবার আনন্দেই মাতাল।
ঢকঢক করে কয়েক পেগ গিলে নিয়ে,
নিশিকন্যার আঁচলে খোঁজে ভালোবাসা!
আমি এসবের কোন কিছুতেই নেই,
বিশ্বাস করো প্রিয়তা,
তোমার চলে যাবার সাত বসন্ত চলে গেছে,
আমি কখনোই মাতাল হইনি।
আশ্রয় খুঁজিনি কোন নিশিকন্যার আঁচলে।
তবে হ্যাঁ তোমার কথাই ঠিক।
আমাদের শেষ কবিতাময় বিকেলে,
তুমিই বলেছিলে,
আমার দ্বারা কিচ্ছু হবে না।
সত্যিই আমার আর কোন কিছুই হয়নি।
পারিনি ফ্রেমে ফ্রেমে গেঁথে একটা সিনেমা বানাতে।
আমার কোন কিছুই হয়নি।
ঠিক যেমন রেখে গিয়েছিলে শেষ বিকেলে,
আমি তেমনি আছি।
একটা আস্ত চালচুলোহীন বেকার!
এখনো রাত বিরাতে
মজলিশের খাবার কমদামে কিনবো বলে,
আমি বেরিয়ে পড়ি রাস্তায়।
দেখা হয়ে যায় নানান রং বেরংয়ের মাতালের সাথে।
আজকাল আমার মাতাল দেখতে ভালো লাগে।
প্রিয়তা,
তুমি চলে যাবার পর,
আমার আর সত্যিই কোন কিছুই হলো না।
মাঝে মাঝে খুব মনে হয় জানো!
কিছুই তো হলো না,
আমি যদি মাতাল হতে পারতাম!

guest
0 Comments
Newest
Oldest Most Voted