| কবিতা | প্রেম পাচ্ছে খুব |
| কবি | মুহতাসিম তকী |
| সময় | ১১ এপ্রিল, ২০২০ |
| লিখার স্থান | ইসলামবাগ, রংপুর |
| কবিতার বিষয় | প্রেম |
কিভাবে বলি বলুন তো!
এভাবে কি বলা যায়?
আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব!
বুকের মধ্যে ঢিপঢিপ শব্দ হচ্ছে,
পানি খেতে গিয়েও শুকিয়ে যাছে গলা।
এই তৃষ্ণা কিসের?
জানতে চাইবেন না?
কি করে বলি!
এই হোয়াটসঅ্যাপ ভাইবার যুগে!
আমার যে খুব আটপৌরে প্রেম,
আটপৌরে অনুভূতি আপনার জন্য।
আপনার বাসায় ডাকবাক্স আছে?
চিঠি দিয়ে যায় পিয়ন?
আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব।
আপনার চোখে চোখ পড়লেই,
খুব মনে হচ্ছে
আপনাকে চুরি করে,
পালিয়ে যাই নব্বই দশকে।
মুঠোফোন ফেলে দিয়ে,
চিঠির পর চিঠিতে,
আঁকতে ইচ্ছে হচ্ছে আপনাকে।
কি করে বলি বলুন তো,
মামুলি ক্ষুদে বার্তার প্রেমিকা নন আপনি।
আপনাকে তো চিঠিতে মানায়,
মানিয়ে যায় বুক পকেটের রুমালে।
আমার যে খুব আটপৌরে অনুভূতি আপনার জন্য।
আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব।
আপনার চোখে চোখ পড়লেই,
খুব মনে হচ্ছে
আপনাকে চুরি করে,
পালিয়ে যাই নব্বই দশকে।
