কবিতা আবদার
কবি মুহতাসিম তকী
সময় পহেলা অক্টোবর, ২০২১
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা

আপনাকে দেখবার পর সময় থমকে গেছে,
আপনার প্রার্থনার আঙুল ছুঁয়ে
প্রেম চেয়ে ফেলেছি বিধাতার মসনদে।
আমাকে আর একবার প্রেম দেয়া হোক।
আর কিছুটা বিষাদ,
কিছুটা হারাবার ভয়।

আমার সময় থমকে গেছে
আমি থেমে গেছি আপনার চোখে।
ওই চোখের মায়ায়
আমার জন্য প্রেম না দেখে
আমি কোথাও যাবো না।
যাবার সাধ্য নেই আমার।

আমাকে ছুঁয়ে দেখতে দিন
আপনার কাঁজল চোখ,
আপনার প্রার্থনার আঙুল।
জেনে নিতে দিন
বিধাতার কাছে আপনি কি চান।

আপনি কি বৃষ্টি হলে খুব কাঁদেন
কোনো প্রাক্তন বিষাদে?
নাকি বৃষ্টিকে প্রেমের দূত ভেবে
ছুঁয়ে দেন মমতায়?

আপনার মন কবিতায়
কাকে লিখতে ইচ্ছে হয় খুব?
আমাকে লিখবেন আপন করে?
আপনাকে দেখে
আমার সময় থমকে গেছে!

হায় বিধাতা
আমাকে প্রেম দিন।
আমাকে ওই মায়ার চোখে
একটু জায়গা করে দিন মমতায়।
আমি আর বিষ্যুদবারে মাতাল হবো না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments