কবিতা সড়কছাপ বড় দিন
কবি শুভশ্রী রায়
সময় ২৫ ডিসেম্বর, ২০২৩
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

তার বড় দিন হাতড়ে কী বার হ’ল-
সব মিলিয়ে দশটা চকচকে কেকের মোড়ক
একটার গায়ে সৌভাগ্য লেগে ছিল,
বেশ কিছুটা কেক!
মাখন মাখানো বলে চেটে চেটে খেয়েছে সে
অনেকটা সময় নিয়ে, রেখেও দেবে ক ও’দিন
ফুটপাথ সংসারে, ভাঙাচোরা কোনো মনোরঞ্জক
ফের পাওয়ার আগে অবধি।

ন’ বছরের সড়কছাপ শৈশবের জন্য এগুলো অনেক,
সুবেশ নারী-পুরুষ ও গরম জামা পরা শিশু দেখে
চোখদুটোও তৃপ্তি পেয়েছে খানিক,
রাতের দিকে কষ্টের পেঁয়াজভাত খেয়ে
সান্টা বুড়োর পাশাপাশি
অভাববিহীন মেঘের স্তর ভেঙে ভেঙে হাঁটাহাঁটিও নিশ্চিত।

মন্দ কাটবে না ক্রিসমাস তার সব মিলিয়ে
রাত কাছাকাছি এলে যীশুর কান্না লেগে
কেকের চকচকে কাগজ আরো রূপালি!

জিঙ্গল ফেল, জিঙ্গল ফেল,
ক্ষিদে গেল, ক্ষিদে গেল,
সড়কছাপ শৈশব!

guest
0 Comments
Newest
Oldest Most Voted