কবিতা অসময়ী ভ্রম
কবি সিতাপ পাল
সময় নভেম্বর, ২০২২
লিখার স্থান সিলেট
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

জেগে উঠা : সূর্যোদয়, সূর্যাস্তে : নিদ্রা
ফুলের মতো সুন্দর
এবং হীরকখণ্ডের মতো মূল্যবান একেকটা দিন—
হায়নার মতো কামড়ে কামড়ে খাচ্ছি।

মেঘলা বিকেল, রংধনুর ঝাপসা হয়ে যাওয়া রং,
পূর্ণিমার চাঁদ, বৈশাখী ঝড়,
বৃষ্টির দিন, কুয়াশায় রঙিন— কী মূল্যহীন!
তোমার ছুটে চলা,
আমার আঙুল ছেড়ে হারিয়ে যাওয়ার ভয়।
একদিন সত্যি-সত্যি ভয় সত্যি হয়।
দূরত্ব ধ্রুব, দূরত্বই স্বাভাবিক।
ক্রমশ একা হতে থাকি আমি।
যতটা একাকীত্বে তলিয়ে গেলে কল্পনা বাস্তব মনে হয়!
দুঃখ মেশানো জলে স্নান করি রোজ;
বেদনার ঝড়ে বিলিয়ে দিই নিজেকে।
চাঁদের আলো আমাকে পথ দেখিয়ে দেয়
রংধনু চেনায় দিশা,
হাঁটতে-হাঁটতে একদিন পৌঁছে যাই নরওয়ের টরোলটুংগা,
তবুও তোমার পাই না দেখা।
আমি নিজেকে আরও অবসন্ন, অসহায়, একা অনুভব করি।

আফসোস, ফুলের মতো সুন্দর
এবং হীরকখণ্ডের মতো মূল্যবান একেকটা দিন-
কেন হায়নার মতো কামড়ে কামড়ে খেয়েছিলাম একদিন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted