| কবিতা | আমাকে ছেড়ে তুমি অসুখী হবে |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ১৯ জুন, ২০১৪ |
| লিখার স্থান | ফার্মগেট, ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
ওই তো বৃষ্টি শুরু হলো আবার
এখুনি ভেসে আসবে সেই ঘ্রাণ।
আমি আবারো ক্ষেপে উঠবো তারপর
আমার মনে পড়ে যাবে তোমার স্মৃতি।
একদিন বৃষ্টিতে ভিজে, তুমি তোমার ভেজা গন্ধ নিয়ে-
আমার সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলে।
আমার শরীর, মন কেউই সেসব ভুলতে পারে নি।
উফফ!
উন্মত্ত হয়ে উঠছি
ইচ্ছে করছে প্রচণ্ড আক্রোশে লাথি মারি মাটিতে
ক্ষোভের তরঙ্গ ভূমিকম্পের মত ছড়িয়ে যাক বিশ্বে।
ছিটকে পড়ুক, ভেঙে পড়ুক, বিচূর্ণ হোক সবকিছু।
"ধ্বংস হোক
নিপাত যাক
ঝাড়েবংশে বিলুপ্ত হোক
মড়ক লাগুক
জ্বলে পুড়ে খাক হয়ে যাক
নির্বংশ হোক
বিলুপ্ত হোক"
আগুনভরা চোখ নিয়ে দিলাম অভিশাপ।
আমি সুখী না হলে তোমরা কেউ সুখী হতে পারবে না।
তুমি তো দূরের কথা!
তোমার বাড়ির বেড়ালটাও অসুখী হবে।
হাহাহা!
তুমি কষ্ট পেলে আমি কাঁদবো ঠিকই,
কিন্তু আড়ালে মুচকি হাসবো!
এটা ভেবে হাসবো যে আমাকে ছেড়েও তুমি সুখে নেই।
আমাকে ছাড়া তুমি কখনোই সুখী হতে পারবে না।
দেখো!
