কবিতা বারুদের উৎসব
কবি সব্যসাচী
কবিতার বিষয় অন্যান্য, যুদ্ধ, সমসাময়িক

সমুদ্র জানে কী নাবিকের ছিলো দীর্ঘ গোপন ঝড়—
ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করো ঈশ্বর
তারপর কিছুটা থেমে এলে ঢেউ—মৃতদের জাহাজ ফেরে প্রাক্তন বন্দরে;
অভ্যর্থনায় ছিলো না দুঃখ ব্যতীত কেউ।

বহুদিন হৃদয়ের আলপথে জমা অজ্ঞতার শেওলা বেচে—
জানি আমাকে খুলে দেখবার ইচ্ছে তারও আছে
দুঃসাহসিক অভিযানে সফল হবার অভিশাপ—মুহুর্তগুলো চমৎকার
আগন্তুক আমি যার;অবিশ্বাস নয় বোকাদের সর্বশেষ পাপ।

সূর্য পোড়াবার কালে ভালোবেসে দিতে পারে প্রতিশ্রুতি—
অধিকারের মুখে কাটাহীন গোলাপ,ক্ষমা কোরো ত্রুটি
মানুষের পৃথিবী আজ বারুদের দখলে—সাদা শোক আকাশে আর
ব্যারিকেড লাশে;প্রিয়জন ফেরে চোখের দুর্লভ জলে।

হত্যা অন্যতম সফলতা জেনে নিরব ভূমিকা সৎকারের—
প্রস্তাবহীন খুন মূলত উৎসব ছিলো বারুদের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted