কবিতা বন্য শুয়োরের দেশে
কবি রাহাদ এইচ. শিশির
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem

আমার কাছে অহংকার করার মত কিছু নেই
অস্রসস্র এখনো পাইনি হাতে
যেদিন একটি ভারী মেশিনগান নিয়ে
সাঁই সাঁই করে গুলি ছুঁড়তে পারবো আকাশের দিকে
সেদিন আমি বড় অহংকারী হবো।

গুলির ভয় দেখিয়ে
দখল করে নিবো গুটি কয়েক রাষ্ট্র
নাম হবে
“দ্যা রিপাবলিক বাংলাদেশ”

আমার দেশের রাষ্ট্রপ্রধান হবেন
মহামতি সিংহ—
কুকুরকে আমি ঘৃণা করি
তার প্রভুভক্তির জন্য
তাই কুকুরের পুলিশ হওয়ার
কোন সম্ভাবনা নেই।

হঠাৎ দেশে বন্য শুয়োরে ভরে গেল
আমি শুয়োর মারতে যাওয়ায়
বিদ্রোহ করলো সকল বুদ্ধিজীবী শেয়াল
বুদ্ধ নাকি বলে গেছেন
জীব হত্যা মহাপাপ

অথচ সেদিন
এতগুলো শিশু মরে গেল
তাদের রাষ্ট্রের তৈরী বোমায়
তখন শেয়ালরা ধরেছিলো
বিড়ালের ছদ্মবেশ।

এই সেদিন
পরম করুণাময় ঈশ্বরের নামে
রাষ্ট্রের প্রথম কাফের ঘোষণা করা হলো
আমাকে—
এই গাধার দল জানেও না
আমি ঈশ্বরের কত কাছের।

আপাতত ধর্ম নয়ে মারামারি করছি
প্রত্যেক ধর্মই হয়ে উঠেছে
অন্য ধর্মের সাথে সাংঘর্ষিক
অথচ ঈশ্বর তো এক
তাহলে কাকে ভাগ করছে
এইসব হিংস্র হায়না’রা?

এমন যুগান্তকারী যুদ্ধের মাঝে
আমি রাষ্ট্র বিরতির ঘোষণা দিলাম
দেখলাম—
সবক’টা শুয়োরের বাচ্চা
ধরেছে সিংহের বেশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted