| কবিতা | বৃষ্টিলিপি |
| কবি | পংকজ পাল |
| সময় | ফেব্রুয়ারি,২০২৬, শেষরাত। |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | রূপক |
.
বৃষ্টিলিপি
— পংকজ পাল
আকাশ বলল, “আজ কি বৃষ্টি হবে?”
মেঘ চুপ ; কোনো উত্তর নেই ।
দিগন্তজুড়ে এক গাঢ় নৈরাশ্য:
ধূসর নীহারিকার অন্তর্লীন হাহাকার—
বায়ু কি বোঝে সেই অব্যক্ত ইঙ্গিত?
শালপাতা কেঁপে বলে, “শ্রবণ করো!”
দূর বারিধারার মৃদু মন্দ্রধ্বনি
জাগায় এক অতীন্দ্রিয় স্পন্দন—
সময় গড়িয়ে যায়: নীরন্ধ্র, নীরব, নির্বাক,
মুহূর্তেরা জমে ওঠে অনুক্ত অভিসারে।
অরণ্যের অন্তঃস্থলে জন্ম নেয়
এক গূঢ় প্রতিধ্বনি-
হঠাৎ! বিদ্যুৎরেখা চিরে দেয় নীরবতা,
দামিনী হাসে ক্ষণিক দীপ্তিতে—
ঝরে পড়ে বৃষ্টির অমেয় অশ্রু,
ধরণীর বক্ষে অবিরল নিবেদন।
সন্ধ্যাতারা বলে, “সবই তো অনিত্য…”
তবু বর্ষা—চিরসজল, চিরসঞ্চারী,
অব্যক্তেরও অতল গহনে
লিখে যায় তার নীরব মহাকাব্য।