| কবিতা | বসন্ত এসেছে |
| কবি | পংকজ পাল |
| সময় | ২০ মার্চ,২০২৪ |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| কবিতার বিষয় | প্রকৃতি |
বসন্তে ভালোবাসা খুব সস্তা হয়ে যায়,
অলিতে গলিতে-
ভালোবাসার পসরা সাজিয়ে বসে-
কিছু উৎসুক তরুণ-তরুণী,
ওদের কাছে রোজই বসন্ত।
বসন্তে-চুলখোলা শাড়ী পরা ষোড়শীর হাসি,
গাছে গাছে ঠোঁটরাঙা ফুলের বাহার,
লাল টকটকে লিপস্টিক মেখে -
অশোক ফুলের দুষ্টু হাসি,
নির্লজ্জ ইউক্যালিপটাস নগ্ন দেহে-
শিমূল ফুলের ঠোঁট ছুঁতে চায়,
মনেহয়- বসন্ত এসেছে।
বসন্ত এসেছে..
বাসন্তী রঙা শাড়ীর আঁচল উড়িয়ে,
মধুকরের গুঞ্জন আম্রকাননে,
ধুলোমাখা সবুজ গালিচা মাড়িয়ে,
ভালোবাসা দোল খায় কোকিলের মনে,
বুঝলাম-বসন্ত এসে গেছে।
পাতাঝরা বৃক্ষের নববস্ত্র পরিধান,
লাল টুকটুকে লাজুক বোতলব্রাস ফুল-
লজ্জায় মাথা নুইয়ে আছে,
এক একটি করে পলাশফুল ঝরে পড়ছে-
প্রকৃতির অভিধানে।
মনেহয় -
সত্যিই বসন্ত এসেছে।