| কবিতা | শুধু একটি কবিতার জন্য |
| কবি | ইমামুল ইসলাম মুরাদ |
| সময় | ১২-০৯-২০২২ খ্রিস্টাব্দ, সন্ধ্যা। |
| লিখার স্থান | ঢাকা,বাংলাদেশ। |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
বৈচিত্রময় বসন্তের সমস্ত শরীরজুড়ে আজ বিবর্ণতা,
অপ্রসন্ন সকালের মুখে ফুটন্ত বিষ-ফুলের সুরভীতে
বিষদিগ্ধ বায়ু,ধূসর আবহাওয়া,বিষাক্রান্ত জনপদ,
বিষ-জ্বালায় প্রতিটি নাগরিকের বীভৎস চিৎকার!
চিকিৎসার দ্বারে চোখ-খেঁকো সাদা বকের ঠোকর,
বিচারালয়ের অঙ্গনে কালো বায়সের হিংস্র ঝাপটা ;
ঠোকরে-ঝাপটে কেড়ে নিচ্ছে নাগরিকের অধিকার,
দপ্তরে- দপ্তরে ঘুষখোর কেউটের উগ্র বিষাক্ত কামড়!
এদের বিষাক্ত ছোবলে বিষিয়ে তুলেছে নাগরিক জীবন।
আজ সভ্যতার সড়কে চড়ে বেড়াচ্ছে কিছু অসভ্য শুয়োর,
ফন্দিবাজ শিয়াল ও মাংসভুক গৃধ্রের দল;
সাধারণ জনতার রক্তচুষে চিরে-চিরে খাচ্ছে মাংস,
এদের হিংস্র আঁচড়ে জখম করছে গণতন্ত্রের গহীনে ;
দুমড়ে-মুচড়ে চর্বন করছে মানবতার মহা-কঙ্কাল।
শুধু মাত্র একটি কবিতার জন্য!