কবিতা শুদ্ধতার নহর
কবি মিঠুন পাল
সময় ০৫ জুন, ২০২১

অধর ছুঁয়ে
নীরবতার স্পর্শ করার নাম করে,
চুপিসারে প্রবেশ করে গেলাম তোমার গহীন অরণ্যে।
সজারু কাঁটার পেখম তুলে
কচ্ছপ গতিতে চললাম,
একাকীত্বের মাকড়সা একে একে ছিন্ন করে-
স্বর্ণখচিত সিংহাসন অব্দি পৌঁছে গেলাম ধীর পায়ে।
অবসাদের ঘোরে আচ্ছন্ন তোমার চিবুক,
স্পর্শ করে দেখালাম মুঠোভরতি জোছনা প্রদীপ-
হুড়োহুড়ি সুরে
গুঞ্জন তুলে কলরব তুললো সঙ্গী জোনাক,
মুগ্ধ চোখে তুমি দেখছো!
আমি দেখছি তোমাকে-
চোখের নীল দীঘির আয়নায়,
বিস্ফোরিত হচ্ছে তোমার আকন্ঠ তৃষ্ণা।
বিলীনের সুর বাজছে-
অবগাহনের ঢেউ তুলে তোমাকে টানছে।
তুমি সব পিছুটান ছিন্ন করে
এগিয়ে যাচ্ছো আগ্নেয়গিরিতে,
আমি অনুসরণ করে চলেছি তোমাকে- শুদ্ধ হতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments