| কবিতা | সেইসব প্রেমেদের জন্য |
| কবি | মাহু মাহবুব |
পথরেখা কবিতার খাতা চলভাষ মুঠো থাক হাতে
মেঘ সরে মেঘেদের বাড়ি প্রেম আসে ভাঙা তল্লাটে।
প্রেম আসে’ রোজ বৃষ্টিও। গাঢ় দাগ চিবুকের তিল
কি এমন ক্ষতি হবে তাতে লালে যদি আজ মেশে নীল?
যারা খুব মন ছোঁয়া ভুলে রোদ্দুরে চিলেকোঠা রাখে
তারা রোজ পাখিদের ডাকে আলাপের ঠোঁট ছুঁয়ে থাকে।
স্টেশনের ঘড়ি দেখে যারা’ মুগ্ধতা খুব অকারণ -
বিকেলের কনে দেখা আলো, তোমাকেও তা বলা বারণ।
স্মরণীয় শ্বাস থাকে জেগে। কুয়াশার আড়ি-ভাব-শোক।
মৃতদেহ প্রেম রেখে যায়। নিভে যায় ঝগড়া-পালক।
মনে মন ভালোবাসা আছে। ভালোবাসি ভালোবাসি কথা।
চোখে চোখ কবিতারা আলো। ভাষা হোক আজ নীরবতা।
আজ তবে এই হোক আশা, আজ কোনো ভুল পাড়া নয়। তারা,গাছ, পাতারা ঘুমোলে, নদী সাড়া দেবে নিশ্চয়।
পুড়ে যাক কুহকের নেশা, এলোমেলো জলপাতা ঋণ -
ঘুম চোখ আদরের ভোরে আলো পাক ভালোবাসা দিন।
গান হোক, আর সব চুপ। দিন আসে রোজ ঝরে যায়,
ভুলে যাও বিষাদের কথা, রাখো ঠোঁট চোখের পাতায়।