| কবিতা | বিশ্বাস |
| কবি | মাহু মাহবুব |
কুয়াশারা ভোর খোঁজে রাত খোঁজে কঠিন প্রমাদ।
আমি দেখি রোজ দেখি জলে থাকে কালামুখী চাঁদ।
চাঁদ পাশে কারা যেনো রোজ রোজ মেলে দেয় ভুল,
চোখে চোখ মিশে গেলে গাঢ় হয় আলোক-মুকুল।
ভুলেদের দোষ নেই কবিতারা বাতাসের বোন।
এলোচুলে যদি বলে জাদু জানি। হঠাৎ তখন
সামলানো যায় নাকি ভরা দেহে পূর্ণিমা আলো,
অতএব ভাষা ফেলে বাঁশিমন আলেয়া তাকালো।
তাকাতেই ফিরে আসে, আকাশেরা তুলে রাখে দিন।
হিসেবের ধার বাকি, চুম্বনে বেড়ে যায় ঋণ।
ঋণ জমে। ভালোবাসা উঠে আসে শাঁখাজল থেকে,
তুমিতো গ্রহণজাত। নদীমুখ গিয়েছিল বেঁকে।
ঠাণ্ডা নদীর জল আশাসুখ ভাবে দ্যাখো কারা?
পাতা মরে প্রেম মরে,খসে পড়ে মনরাখা তারা।
তবু আমি আশা রাখি শোক তাপ ভুল হোক নয়..
সূর্য আসুক ফিরে ছুঁয়ে যাক জন্মের লয়।
একদিন ভোর হবে নিয়নের আবছায়া মুখ।
তুমি শুধু ছুঁয়ে দিলে সেরে যাবে পাতার অসুখ।