বাংলা কবিতা, দেহের গনিত কবিতা, কবি কবির কল্লোল | কবিতা অঞ্চল
কবিতা দেহের গনিত
কবি কবিতা সংকলন
কাব্যগ্রন্থ সময়ের ছবিঘর

দেহের গণিত একখানা দেহ নিয়ে দিনশেষে ফিরে আসি ঘরে
একটা দেহের মাঝে ঘোরেফেরে আটটা মানুষ
একটা মানুষ জানে দশটা বিকল্প পথ আছে
দশটা বিকল্প নিয়ে ছুটে চলে একটা পৃথিবী
একটা পৃথিবী তার বুকে রাখে আটটা প্রহর ।

আটটা প্রহর থেকে ফিরে আসে আটটা মানুষ
একটা মানুষ জানে দশটা বিকল্প পথ আছে
আমরা সরল জানি- 'আট গুন দশ' মানে 'আশি'
আশিটা বিকল্প নিয়ে ছুটে চলে আটটা পৃথিবী
একটা পৃথিবী তার বুকে রাখে আটটা প্রহর
'আট গুন আট' মানে 'ষাট যোগ চার'টা প্রহর ।

আটটা প্রহর থেকে ফিরে আসে আটটা মানুষ
চৌষট্টি মানুষ থাকে 'ষাট যোগ চার'টা প্রহরে
একটা দেহের মাঝে ঘোরেফেরে আটটা মানুষ
'ষাট যোগ চার' ভাগ 'আট' মানে আটখানা দেহ!
এক দেহ আট হল - ভেবে ভেবে মেলেনা গণিত
শুনেছি সূর্য ঘোরে, তার সাথে ঘোরে আট গ্রহ
'কয়টা প্রহর তবে?', ভাবতেই ছুটে গেল ত্রাসে-
দশটা আঙুল থেকে দশটা বিকল্প সন্দেহ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted