| কবিতা | বর্ণের আড়ালে |
| কবি | খন্দকার মঈন হোসেন |
| সময় | 19-Nov-2026 |
| উৎসর্গ | Nafisa Akter Chumki |
| লিখার স্থান | ভুতের গলি |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
‘ন’ কি শুধুই ব্যঞ্জনবর্ণ?
নাকি কোনো নামের অসমাপ্ত উচ্চারণ?
কয়েকটি বর্ণ বয়ে বেড়াচ্ছি জীবনে,
অথচ তাদের সঙ্গে কোনো বাঁধন নেই,
নেই সম্পর্কের স্বীকৃতি, অধিকারের দলিল;
তবু কী আশ্চর্য তাদের আনুগত্য—
পিছু ছাড়তে রাজি নয় কিছুতেই!
কতবার ছদ্মনামের আড়ালে রেখেছি,
কতবার বদলেছি শব্দের বিন্যাস,
কারও পরিচয়ের পর্দা অক্ষত রাখতে
নিজের কবিতাকেও করেছি ছদ্মবেশী।
অথচ কলমের কী নিদারুণ বিশ্বাসঘাতকতা!
যে নাম গোপন রাখার সমস্ত আয়োজন,
কবিতার প্রথম পঙ্ক্তিতেই
তার আদ্যক্ষর এসে বসে নির্দ্বিধায়।
ভাবি, অক্ষরেরও কি নিজস্ব আকর্ষণ আছে?
নাকি মানুষের অবচেতন মন
গোপন ভালো লাগার কাছে
ভাষার সমস্ত শাসন হারিয়ে ফেলে?
‘ন’ তো সামান্য একটি ব্যঞ্জনবর্ণ,
তবে তাকে লিখতে গেলেই
আমার সমস্ত না-বলা কথা
কার নামের দিকে ঝুঁকে পড়ে?