কবিতা নেশার অজুহাত
কবি খন্দকার মঈন হোসেন
উৎসর্গ Nafisa Akter Chumki
লিখার স্থান ভুতের গলি
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

আজ নেশা করেছি—
মদের প্রতি কোনো মুগ্ধতা থেকে নয়,
সারাদিন তোমার নীরবতা
আমাকে নিজের কাছেই অসহ্য করে তুলেছিল।

তুমি খোঁজ নাওনি,
আমিও অভিযোগের দরজায় কড়া নাড়িনি।
অভিমান বড় অধিকারী অনুভূতি,
সে অধিকার দাবি করার সাহস আমার ছিল না।

শুধু চেয়েছিলাম,
কিছুক্ষণের জন্য তোমাকে ভুলে থাকতে;
যেমন মানুষ ঘুমিয়ে ভুলে থাকে
তার জীবনের সমস্ত অসমাপ্ত হিসাব।

নেশা আমাকে মাতাল করেনি,
কেবল স্মৃতির সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল।
যে মানুষটাকে সারাদিন ভুলতে পারিনি,
তাকে কয়েক ঘণ্টা মনে না রাখার
একটা অসৎ উপায় খুঁজে পেয়েছিলাম।

এখন নেশা কেটে যাচ্ছে—
অথচ তোমাকে ভুলে থাকার সময়টুকু
কেন যেন মনে পড়ছে না।

কী নির্মম এই নেশার স্বভাব!
যাকে ভুলতে পানপাত্রে ঠোঁট রেখেছিলাম,
শেষ চুমুকে দেখি—
সে-ই সমস্ত পানীয় হয়ে আছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted