কবিতা অলস রজনীর কবিতা
কবি হাসনাত আবীর অঙ্গন
সময় এপ্রিল, ২০২৫
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় বিরহ, মৃত্যু, রূপক
Review This Poem

বিছানায় অলস সময় কাটছে।
অথচ কী ব্যস্ত আমি!
বিছানা থেকে উঠে যে একটু পানি খাবো,
সে সময়টুকুও নেই।
প্রেম ও পৃথিবীর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে করতে–
এখন নতুন পরীক্ষা দিচ্ছি।
সজ্ঞানে চলাফেরা করবার পরীক্ষা।

দুয়েকবার বমিও হচ্ছে লাল রঙের।
অবশ্য রক্তবমি কী না তা বলার জো নেই।
এর আগে যে কবার রক্তবমি হয়েছে, এমন দেখি নি কখনও।
সবশেষে মূত্রর সাথে ত্যাগ করছি জ্বলন্ত কয়লার মতো আগুন,
সেই আগুনে পুড়ে যাচ্ছে দুই চোখসহ পুরো শরীর।

মাঝে মাঝে দেখছি আমি মেঝেতে শুয়ে আছি।
সজ্ঞানে হাত-পা নড়ছে না, সজ্ঞানে মুখ দিয়ে কথা হচ্ছে না।
এরপর মাথাভর্তি পীড়া, মাথাভর্তি স্বপ্ন, মাথাভর্তি কষ্ট!
আবার কখনও কাশিতে ফুসফুস লাল হয়ে যাচ্ছে হয়তো।
বুক কেটে দেখার সুযোগ হয় নি এখনও।

খুব ক্লান্ত, খুব অসুস্থ, খুবই ব্যস্ত।
মৃত্যু আমার কাছে আসছেই না, কিন্তু আমি মৃত্যুর মাঝ দিয়ে হাঁটছি।
অথচ স্পষ্ট দেখছি, আমি বিছানায় অলস সময় পার করছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted