বাংলা কবিতা, মানবিকা কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা মানবিকা
কবি হাসান জীবন
সময় ০৫ অগাস্ট, ২০১৬
লিখার স্থান রংপুর
কবিতার বিষয় জীবনমুখী, রাজনৈতিক
Review This Poem

মানবিকা, একদিন দেখিস

সব ঝড় থেমে যাবে।

থকথকে অন্ধকারের রাতে,

নিঃসঙ্গ স্ট্রিট ল্যাম্পের আলোয়,

চকচক করবে না 

কোন আততায়ীর বুভূক্ষ চাপাতি।

পোড়া বাড়ির মোড়ে,

মিউনিসিপ্যালিটির নর্দমায়,

ভেসে উঠবে না কোন অজ্ঞাত

যুবকের, গলা কাটা পচা লাশ।

মানবিকা, একদিন দেখিস

সব ঝড় থেমে যাবে।

ক্যান্টনমেন্টের নিশ্ছিদ্র নিরাপত্বা

বেষ্টনি ভেদ করে বেরিয়ে আসবেনা,

কোন ধর্ষিত যুবতির আত্মচিৎকার।

কোন ধর্মসন্ত্রাসী অমরাবতীর লোভে পৈচাশিক জিঘাংসায় চেপে ধরবেনা,

কোন শিল্পী অথবা সাহিত্যিকের টুটি।

নগরের সব প্লাস্টারহীন দেয়ালের

সব চিকামারা, সব পোস্টার ধুয়ে মুছে

সেদিন ব্যালট পেপারে হবে

আমাদের গণতান্ত্রিক জাগরণ।

মানবিকা, একদিন দেখিস

সব ঝড় থেমে যাবে।

আর সেদিন তোদের অর্থনীতির

দুর্বোদ্ধ সব সমীকরণ ভূল প্রমাণিত করে

দুশো টাকায় ব্যাগ ভরতি বাজার নিয়ে 

ঘরে ফিরবে জিগাতলা বস্তির আঃ গফুরও।

যেদিন গফুরের চল্লিশোত্তির্ণ

পোয়াতি বউটাও ঘোমটার নিচে 

পান খাওয়া কালো দাতগুলো বের করে

হাসবে এক প্রশান্তির হাসি।

মানবিকা, একদিন দেখিস

সব ঝড় থেমে যাবে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted