| কবিতা | মহালয়া |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দু পশলা রোদের মুকুট / নন্দিতা প্রকাশ |
| সময় | আগস্ট ২০১২ |
| উৎসর্গ | শাওলি মামনিকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| কবিতার বিষয় | অন্যান্য |
মহালয়া
শারদীয়া ফিরে এলো বুঝি
ছন্নছাড়া এ মন পাগলপারা
নীল আকাশে শুভ্রতা খুঁজি
পরিযায়ী মেঘেরা বাঁধনহারা
দোদুল দুলে হাওয়া কাশবনে
সোনারোদে লুকোচুরি খেলা
মন্ডপে সাজে মা লাল বসনে
আনন্দ হিল্লোলে যায় বেলা
বাজিয়ে শাঁখ উলু ঢাক ফের
তুলছে সুর, আগমনীর নুপূরে
খুকুর অপেক্ষা প্রতি বছরের
ষষ্ঠীর চিরচেনা নতুন ভোরে
স্থির, নিথর, নিরব ঘুমন্ত হ্রদ
ফের জলের বুকে প্রবল ঢেউ
যতো অশুভকে করতে বধ
দুর্গতি নাশে ঐ আসছে কেউ
শ্বেত পাপড়ি বিছানো পথে
বোঁটায় গেরুয়া রঙ শিউলীর
শিশির ভেজা আলোর রথে
এ আগমন মহিষাসুরমর্দিনীর
সিংহবাহী হিমালয় নন্দিনী
দশভূজা মহাশক্তির আধার
আকাশে বাতাসে আগমনী
আজ তুলছে সুর মহালয়ার