কবিতা বান
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় মার্চ ২০১৮
উৎসর্গ বন্যায় উপদ্রুত অসহায় জনগোষ্ঠীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা বন্যার সময়
কবিতার বিষয় প্রতিবাদ

বান

বানের জলে ডুবছে যখন পা
ভয় নেই প্রস্তুতি আছে মেলা
দূরে বসে বিবৃতি দাও যা
বিরোধীরা বলবেই অবহেলা

বৃষ্টি হবে, বানও হবে দেশে
খাল বিল নদী উপচে যাবে জল
ওরা কি আর থাকবে বর্ষা শেষে?
এইটা কোনো নতুন খবর বল?

দু'দিন পরে এ জল যাবে সরে
উঠবে ভেসে পুরোনো পথ ঘাট
ক'টা দিন থাকলো না হয় ঘরে হাঁটুজলের এই টুকু ঝঞ্ঝাট

জলের নীচে ডুবছে যখন হাঁটু
এটা তো নয় কুমিরডাঙ্গা খেলা
ভাবছো বুঝি মানুষগুলো খাটো?
ডুব সাঁতারে কেটে যাবে বেলা

বেনোজল আসছে যখন ধেয়ে
ক'টা দিন ভেলায় ভেসে থেকো
তেষ্টা মিটিও বানের জল খেয়ে
খোদার ওপর শেষ ভরসা রেখো

জলের নীচে ডুবছে যখন বুক
নাম উঠবেই উপদ্রুত জেলায়
ভাসবে বাড়ি গ্রামটাও ভাসুক
ত্রাণ আসবে নিত্য তিন বেলায়

জলের নিচে ডুবছে যখন নাক শিখতে হবে ডুব সাঁতারের খেলা
ভাসতে যদি না পারো, তো থাক
বিরোধীরা পাকাবে ঝামেলা

তাই বলে কি ত্রাণের এই উৎসবে
নিজের আখের না গুছিয়ে থাকবো?
গরীবের চালে ধনি হবার লোভে
জল বাড়লেই বন্যা নামে ডাকবো

জলের নীচে ডুবছে শেষ আবাস
ক' টা দিন বাঁধের উপর থেকো
নারী, পুরুষ কিংবা শিশুর লাস
ঠিকঠাক মতো পরিসংখ্যান রেখো

তোমরা দেখছি আচ্ছা ধড়িবাজ!
সেদিন থেকে ছাড়লে খানা পিনা
খতিয়ে দেখতে আসছে ওরা আজ
দেখুক আগে সত্যি বন্যা কিনা

দাঁড়াও দেখি সঠিক কারনটা কি!
বন্যা হলো কোন বিরোধীর দোষে
ওরা জলেভাসা কচুরিপানা নাকি
ঘুম আসেনা রাতে এ আফসোসে

ঐ যে দেখুন তিনি এলেন শেষে
জল দেখতে দূরবীণে যাঁর চোখ
খবরটা তো ছেপেছে একপেশে
আকাশ পথের সফর শুভ হোক

এইটুকুতেই উঠলে নাভিশ্বাস
একেই যদি বন্যা বলিস তবে
ওষ্ঠাগত প্রাণটা যে হাঁসফাঁস
বেঁচে থাকা শিখবি তোরা কবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted