বাংলা কবিতা, অলৌকিক জীবনের নিঃশব্দ বেলজার কবিতা, কবি বরুণ কুমার বিশ্বাস | কবিতা অঞ্চল
কবিতা অলৌকিক জীবনের নিঃশব্দ বেলজার
কবি বরুণ কুমার বিশ্বাস
কাব্যগ্রন্থ পোস্টমর্টেমের বিশুদ্ধ বিজ্ঞাপন
সময় ২০১৯
লিখার স্থান শংকর, ঢাকা
Review This Poem

ওগুলো কাচের বয়োম নয়, ওগুলো জীবন। সাদামাটা স্পন্দনসার
ভীষণ রংহীন নিঃশব্দ, পোড়াবাড়ির কয়লার মতো নিঃসঙ্গ
কষ্ট নিয়ে ছড়িয়ে থাকা অসংখ্য ডালিমের শীতল দানা
মৃত্যুর পূর্বাভাস পেয়ে লুকিয়ে আছে অপারেশন থিয়েটারে

কেউ শুনতে পাচ্ছে না –
অলৌকিক জীবনের নিঃশব্দ বেলজারে ক্ষুদে হাতুড়ির কোরাস
জীবনের উজানে বেয়ে চলা ডিঙি-মাঝির বিচ্ছিন্ন গান
প্রবঞ্চনার প্রদর্শনীতে বেজে ওঠা প্রাসঙ্গিক মেরুন ভায়োলিন

ওগুলো জীবন, ওখানে এখনও রয়েছে আত্মার অধিষ্ঠান
ওগুলো জীবন, ওখানে এখনও ষড়ঋতু স্মৃতিকাতর
ওগুলো জীবন, ওখানে এখনও রক্তনদী অদৃশ্যে বয়ে যায়

মানুষের শরীরে কিছু দেবদূত যমরাজের সাথে যুদ্ধ করে
সবুজাভ গাউন, সাদা গ্লভস ও ছুরি-কাঁচি নিয়ে; অবিরাম-অবিচল
অলৌকিক জীবনের নিঃশব্দ বেলজার হয়ে ওঠে মুখরিত
বহুমুখী জীবন হয়ে ওঠে নতুন জন্মের সীমিত সংস্করণ

guest
0 Comments
Newest
Oldest Most Voted