| কবিতা | ফিরে এসো চাকা ১৯ – নেই, কোনো দৃশ্য নেই… |
| কবি | বিনয় মজুমদার |
| কাব্যগ্রন্থ | ফিরে এসো, চাকা |
| সময় | ১৯ জুলাই ১৯৬১ |
নেই, কোনো দৃশ্য নেই, আকাশের সুদূরতা ছাড়া।
সূর্য পরিক্রমারত জ্যোতিষ্কগুলির মধ্যে শুধু
ধূমকেতু প্রকৃতই অগ্নিময়ী, তোমার প্রতিভা
স্বাভাবিকতায় নীল, নর্তকীর অঙ্গ সঞ্চালন
ক্লান্তিকর নয় ব’লে নৃত্য হয় যেমন, তেমনি।
সুমহান আকর্ষণে যেভাবে বৃষ্টির জল জ’মে
বিন্দু হয়, সেভাবেই আমিও একাগ্র হয়ে আছি।
তবু কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া।
