কবিতা ফিরে এসো চাকা ১৭ – কী যে হবে, কী যে হয়…
কবি বিনয় মজুমদার
কাব্যগ্রন্থ ফিরে এসো, চাকা
সময় ১৫ জুলাই, ১৯৬১
5/5 - (1 vote)

কী যে হবে, কী যে হয়, এখনো অনেক রীতি বাকি।
দুরারোহ, নভোলীন পর্বতশিখরে আরোহণ
ক’রে ফের অবিলম্বে নেমে আসি, নেমে যেতে হয়।
কাচের শার্শিতে ধৃত, সুদূরের আকর্ষণে স্মিত,
প্রজাপতিদের মতো ঘরে কিংবা নক্ষত্রে বা চাঁদে
গমনেচ্ছুদের মতো পৃথিবীতে প’ড়ে আছি শুধু
বাধা ও ব্যাঘাত পেয়ে; আমাদের পরিণাম এই।
তবু ভালো, ইঁদুরের দংশনে আহত হয়ে তবু
ঘুম ভেঙে যাওয়া ভালো, সাপ ভেবে, উত্তেজিত হয়ে।
যদিও অগ্নির মতো জ্বললেই, প্রিয় অন্ধকার,
বহু দূরে স’রে গেছো; অবশেষে দেখি, প্রেম নয়,
প’ড়ে আছে পৃথিবীর অবক্ষয়ী সহনশীলতা।
নিষ্পেশনে ক্রমে-ক্রমে অঙ্গারের মতোন সংযমে
হীরকের জন্ম হয়, দ্যুতিময়, আত্মসমাহিত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted