| কবিতা | ফিরে এসো চাকা ১১ – নাকি স্পষ্ট অবহেলা… |
| কবি | বিনয় মজুমদার |
| কাব্যগ্রন্থ | ফিরে এসো, চাকা |
| সময় | ২৬ জুন ১১৯৬১ |
নাকি স্পষ্ট অবহেলা, কোরকে আকাঙ্ক্ষা নিয়ে,আজো
যে আকাশ দেখা যায় তারো দূরে ওপারে আকাশে
চ’লে গেলে; কাল আছে,শারীরিক বৃদ্ধি, ক্ষয় আছে।
দেখেছি গাংচিলগুলি জাহাজের সঙ্গে সঙ্গে চলে,
অথবা ফড়িঙ সেও নৌকার উপরে ভেসে থাকে
ডানা না নেড়েই,এত স্বাভাবিক, সহজ, স্বাধীন।
গ্রীষ্মের বিকেলবেলা অকস্মাৎ শীতল বাতাস
যেমন ঝড়ের ডাক,বৃষ্টির প্রস্তাব এনে দেয়,
আয়াসবিহীনভাবে যেমন নিঃশ্বাস নিতে হয়
অলক্ষ্যে ঘুমেরো মধ্যে,সে প্রকার প্রয়োজন আছে,
তোমারো রয়েছে, তাই সমুদ্রমৎস্যের মতো নানা
বাতাসের ভার বও,সে কথা বোঝো না, প্রিয়তমা?