কবিতা কুঁড়ির স্বাধীনতা
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ, মৃত্যু, স্বাধীনতা

কুঁড়ির স্বাধীনতা !
©আজিজুল হক

মেয়েটি এত কিছুই চায়নি !
এত প্রেম , এত আহ্লাদ এত স্বাধীনতা!
তার চেয়েও চেয়েছিল অনেক বেশি কম,
এক দুপুর আকাশ, একটা মেঘলা সকাল
আর চেয়েছিল ভালোবাসার গোধূলি লগন!
মেয়েটা চেয়েছিল কেউ একটু আগলে রাখুক তাকে !
চেয়েছিল মাথায় হাত রাখুক কেউ,
মেয়েটা চায়নি এত লোক,
এত মিডিয়া , আলোর ঝলকানি ,
লাইভ ,ক্যামেরা ,অ্যাকশন ....
এসব কিছুই চায়নি মেয়েটি।
চেয়েছিল এর চেয়েও অনেক বেশি কম !
মেয়েটির তৃষ্ণা পেয়েছিল,
জল খুঁজেছিল মেয়েটি কোন
এক পুরুষের বুকে মাথা রেখে,
মেয়েটি চেয়েছিল অন্তত কেউ তাকে ভালোবাসার
কথা বলুক..
অথচ মেয়েটির কপালে জুটলো আঁতকে উঠার
মুহূর্ত গুলো..
ক্রমশ মেয়েটি স্বাধীনতা কে বকছে,
বমি পাচ্ছে তার স্বাধীনতায়,প্রেমে,
তার গায়ে অজস্র স্বাধীনতার দাগ ...
গলায় ফুলের মালা , চারিদিকে পুলিশের ব্যারিকেড..
আশেপাশে ব্যস্ততা , লাইভ,ক্যামেরা অ্যাকশন...
না, মেয়েটা অন্তত তাঁকে নিয়ে এত টা ব্যস্ততা কখনোই চায়নি...
©আজিজুল হক
৭/৭/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted