কবিতা কিছু গল্পের নাম থাকে না
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, বিরহ, রূপক

মনে পড়ে নীলাভ, কতদিন পর তোমায় দেখলাম!
বিশ্বাস, কর, প্রথম দেখায় চমকে উঠেছি, বলতে গেলে একটু ভয়ও যে পাইনি, তা তো নয়।
সেই বিদ্যালয়ের সেই স্মৃতি টাকে মনে পড়ে প্রায়,
ছিঃ, কেমন করে তোমায় ছোট করেছি আমি,
আজ ভীষণ লজ্জা হয় ভাবলে..
তারপর মনে মনে কত খুঁজেছি তোমায়..
রাস্তা ঘাটে, কত বন্ধু বান্ধবীর কাছে ইনিয়ে বিনিয়ে তোমার খোঁজ নেবার চেষ্টা করেছি..
জানি না, কেন!
তবে সেদিনটার পর নিজেরও খারাপ লেগেছিলো আমার।
তারপর হয়তো ভুলেই গেছিলাম তোমায়!
কিন্তু বিশ্বাস কর, আজ যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে কলেজ গেটের সামনে,
আমি যেন ভেঙেচুড়ে যাচ্ছিলাম,
আমার সর্বাঙ্গ জুড়ে ঝড় উঠেছিল অদ্ভুত ভাবে..
জানি না তুমি বুঝতে পেরেছিলে কিনা..
অনেক কষ্টে সামলে নিয়েছিলাম,
মেয়েরা সব পারে, নীলাভ,
যেমন টা গড়তে জানে, আবার ভাঙতেও জানে কয়েক মুহূর্তে,
প্রয়োজনে ফিরেও আসতে পারে বারবার।
কিন্তু বিশ্বাস কর, আমার ফেরার আর কোন পথ ছিল না, নীলাভ,
আমি তখন কারও বাগদত্তা!
আমার মন খুব চাইছিলো তোমাকে,
তোমার সঙ্গে একান্ত নিরিবিলিতে
পাহাড়ের ঝর্নায় নিজেকে ভিজিয়ে নিতে,
তোমার হাতে হাত রেখে বলতে
আমায় সাঁতার শেখাও নীলাভ,
সাঁতার শেখাও..
আমি যে ডুবে যাচ্ছি তোমার সমুদ্রের অথৈ জলে..
হ্যা, নীলাভ আমি সেদিন বড্ড বেশি দেউলিয়া হয়ে গেছিলাম,
তুমি এলে কিন্তু এত্ত পরে,
হঠাৎ ঝড়ের মত আমায় লন্ডভন্ড
করেছিলে সেদিন।
খুব, খুব কেঁদেছিলাম, বালিশে মুখ গুঁজে,
একা একা..
আমার জন্য তখন পথ চেয়ে বসে যে
আমার আগামীর সান্নিধ্য!
আজ প্রায় বিগত যৌবনা আমি,
একটা কথা শুনলে হাসবে হয়তো তুমি,
বিশ্বাস কর,
ভালোবাসি আজও তোমায়..
এ ভালোবাসায় নির্ভরতা খুঁজে পাই..
তোমাকে দেখলে মনে হয় হারিয়ে যায়নি আমি..
আমার সব আছে, সব।
একটা মন, প্রাণচঞ্চল উদাসী হাওয়া..
বৈকালিক ভ্রমনে তোমার হাতে হাত রেখে চলা
কিংবা পা পিছলে পরে যাবার অছিলায় তোমার বুকের সোনালী সূর্যটাকে ছুঁয়ে দেখা..
উনিশের হৃদয়ে তোমাকে আগলে রাখা..
সব পারি, নীলাভ, সব..
তোমাকে একপলক দেখলে কিংবা ভাবলেই
আমি রাধার মত কাঁটা বিছানা পথে শ্যামের গান গাইতে পারি।
আমার ভীষণ লজ্জা করে আজও,
যখন তুমি আমার সামনে এসে দাড়াও,
বিশ্বাস কর দুচোখ ভরে দেখার ইচ্ছে থাকলেও দুচোখ তুলে চাইতে পারিনা তোমার দিকে..
অথচ তুমি চলে গেলেই দুচোখ তুলে আমি দেখতে থাকি তোমায়
যত দূর দেখা যায়...........
জানি, তুমি আমায় পাগল ভাবছো বুঝি!
সে ভাবো গিয়ে তুমি.....!!
আমি জানি শুধু কিছু প্রেম,
শুধু প্রেম নয়,
স্মৃতি হয়ে থাকুক এই বালুকা বেলায়..
মেয়েরা গড়তে যেমন জানে,
আগলে রাখতেও পারে তেমন নিঃসংকোচে, নির্লিপ্ততায়..
মেয়েরা জানে সকলই..
শুধু তারাই জানে অজস্র দহন জ্বালায় পুড়েও, অসহ্য যন্ত্রনায়
তারা ভালোবাসার চোখে নিজেদের খুঁজে পায়।
এমনই কিছু কিছু
গল্পের কোন নাম হয় না কখনও...
মেয়েদের হৃদয়েই আগলে থাকে তা
এক্কেবারে নিজস্ব ভঙ্গিমায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted