| কবিতা | একলা কোন অভিসারে |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, রাজনৈতিক, রূপক |
একদিন তোমার শহরে তখন নিঃসঙ্গ রাত আর আমার অস্তিত্ব
এবং রাস্তার ইলেকট্রিক পোল গুলোতে ছেয়ে যাবে
ভালোবাসার নিখোঁজ বিজ্ঞপ্তি!
একটা ফাঁকা রাস্তায় একাকী ঠেলা গাড়িতে বসানো চায়ের কেটলি
কয়েকজন আড্ডাবাজ আঁতেলের প্রাণ খোলা আঁতলামি.....
নিস্তব্দ দুপুর আর উতাল বাতাস
শুনশান অলিগুলিতে দুজোড়া চোখ
আদি অন্ত খুঁজে ফেরে হারিয়ে যাওয়া বিকেল।
অনন্ত এক যাপন কথার মাঝে আমাদের নিছক কিছু বাক্যালাপ,
খুনসুটি আর মনোমালিন্যের হাজারো ফিরিস্তি,
তারপর আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে কপালে উষ্ণ চুম্বনের আবদার।
হাজারো স্মৃতির হাজারো ছোঁয়ায়
খুঁজে ফেরা হারিয়ে যাওয়া দিন,
ছোঁয়ার ভেতর তোমার স্পর্শ ,
ছায়ার মাঝে আমাদের আনাগোনা,
বুকের মাঝে কান্না আর দহন জ্বলা দিন।
নিরুদ্দেশের চারদেয়ালে হঠাৎ হাওয়া,
খেয়াল খুশির ঝড়..
ঘুমপাড়ানি মাসিপিসির হাজারো আবদার!!
একটা আকাশ,
আর আকাশজুড়ে ইচ্ছেমত বসত বাড়ি গড়া!
সিংহাসনে বসেই রাজা চাষ করেন
বেমালুম বজ্জাতির চাষ।
আমার চোখে ঘুম নেই শুধু,
হারিয়ে যাবার ভয়,
বেঁচে থাকতেই মরে আছি
তোমার দ্বায় কি বল তা'য়!
একটা মিছিল ,
মিছিলে উড়ছে চিল
তোমার মন হাটছে নাগরাকাটার জঙ্গলের
উদাস হওয়ায়,
পাশে শুধু হাঁড়িয়ার সাগর উথাল পাতাল।
ভালোবাসার বুকের ভেতর আস্ত একটা নদী,
ভেবেছো কি এসব হারাও?
মন সাগরের বিচিত্র খেয়ালে!
হৃদয় শুধু জানবে প্রিয়
আমার হারিয়ে যাবার মানে।
এখন আর কাঁপে না বুক
নিন্দুকদের ভয়ে,
কনক্রিটের বাঁধানো মুখোশ
দেখেছি সবার চোখে।
এখন শুধু নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাক
তোমার আবাসনের সব উষ্ণ দেয়াল ।