| কবিতা | আত্মহননের গল্প |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক |
**আত্মহননের গল্প**
©আজিজুল হক
বড্ড জানতে ইচ্ছে করে,
যখন আমি থাকব না,হারিয়ে যাব কোথাও,
কিংবা ঢলে পড়বে মৃত্যুর কোলে,
সেদিনও কি আমার মন এমনই চঞ্চল হয়ে পড়বে তোমার কাছে যাবার জন্য?
তোমার স্পর্শে সেদিনও কি আমার প্রাণে ফিরে আসবে গভীর অনুভূতি!
কি জানি !
মিছিল গুলো কি সেদিনও কোনো পথে হাঁটবে ?
আমি কি সেই মিছিলের দৃপ্ত স্লোগানে শপথ নেব নুতন পৃথিবীর আগামীর বসন্তে ফুল ফোটাতে!
তোমার স্পর্শের পরশ কি আমাদের সন্তানদের নুতন বাসযোগ্য ভূমিতে
একটুকরোপরশ পাথরের ছোঁয়ায়
সুকান্তের স্পর্শে লালিত হবে?
নদী কি আজকের মত সব অপবাদ গুলো
মাথায় নিয়ে সমুদ্রে আঁচড়ে ফেলবে?
আমাদের সন্তানরা আবার নিরাপদ হয়ে উঠবে ,
আমি তাদের হাতে হাত রেখে সন্ধেবেলায় গুনবো
অসংখ্য তারকারাজি!
আবার পৃথিবীর সব বাবারা
তোমার স্পর্শে
মৃত লক্ষিন্ডারের মত ফিরে পাবে প্রাণ!
চাঁদ সদাগরের সপ্তডিঙ্গা ডুবিয়ে দেবার দেবতাদের পৈশাচিক চক্রান্ত সেদিন জন্ম দিয়েছিল
মানুষের বদ বুদ্ধি গুলোর!
মানুষ আজ মারছে মানুষ স্বার্থসিদ্ধির অলিন্দে।
তোমার স্পর্শের পরীক্ষা চাই না আমি।
তোমার স্ফুলিঙ্গের ছোঁয়ায় শুধু ঈশ্বরের সিংহাসন টা পুড়িয়ে দিও,
কেন না,মানুষ মারার নির্লজ্জ কৌশলের আবিষ্কারকের খুব কি দরকার আছে!
আমি কবরে রোজ সংগোপনে মৃত আত্মগুলোর গল্প কথায় হাসরের ময়দানে একটা নীলপদ্ম তোমার জন্য রেখে দেব,
তুমি তা তুলে দিও মনু কিংবা আদমের কাছে,
জিজ্ঞেস কর তাদের , মানবিক অপরাধের বোধ গুলো তাঁরা কোথায় শিখেছিল!!!!!
©আজিজুল হক
২/৭/২৩