| কবিতা | গুচ্ছকবিতা |
| কবি | অভিলাষ মাহমুদ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ |
অভিলাষ মাহমুদ
শব্দের সুড়সুড়ি
ধুর ছাই ! আর লিখব না কবিতা
গ-ারের চামড়ায় কি আর
অনুভূত হয় শব্দের সুড়সুড়ি ?
প্রেমজাল
তুমি হামাসের চতুর রমণী আমি ইসরায়েলী বোকাসেনা-
চুকে দিয়ে চলে যাবো জীবনের সব লেনাদেন ।
বুভুক্ষু বাঘিনীর হিংস্র থাবা
বুভুক্ষু বাঘিনী....
তোমার হিংস্র থাবায় ক্ষত-বিক্ষত করে দিচ্ছো-
মায়া মৃগের কোমল সুন্দর কায়া।
কত রক্ত চাও তুমি ? আর কত রক্ত - মাংস পেলে-
তোমার এই তৃষ্ণা- ক্ষুধা নিবারণ হবে ?
ক্ষান্ত হও ! থামাও তোমার হিংস্র থাবা ।
চাওয়া
কখনো উপরের আকাশ হতে চাইনি ... হতে চাইনি মহাসমুদ্র ।
যৌবনদীপ্ত চাঁদও নয় ; চাইনি দিবসের তপ্ত রবি হতে-
শুধু চেয়েছি শীতের সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু হতে ।
তুমি যখন খুব ভোরে খালি পায়ে দেবতার পূজা দিতে ফুল আনতে যাবে, তখন
আমি তোমার পায়ের পাতার সাথে লেপটে যেতে পারব এই আমার সুখ, এই আমার চাওয়া ।
হৃদয় ফ্রেম
আমার হৃদয় ফ্রেম সুসজ্জিত রেখেছিলাম
আকাশের নীল মেঘের টুকরো কিংবা প্রকৃতির সবুজে সাজাবো বলে ।
কখোনো ভাবিনি কেউ একজন এসে আমার হৃদয় ফ্রেম
সাজাবে আগুন কয় লার কারুকাজে ।
হতাশ
মায়ের নামটি মানবতা বিবেক আমার বাবা ।
তাদের ছেলে হতাশ আমি বুকে দুঃখ থাবা !
ফাগুনের উৎসব
হলুদ গাঁদা ফুলের বাগীচায় আজ ফাগুন উৎসব।
মাতোয়ারা এক জোড়া শাদা পায়রা।
গত ঊনত্রিশ ফাগুন আমার কোনো আনন্দ উৎসব ছিলো না।
হৃদয় বন্দরে ভালোবাসার সদায় নিয়ে আসেনি কোনো তরনী।
ত্রিশ ফাগুনের উৎসবে এক তারার তালে তালে নৃত্য করে আমার মাছরাঙ্গা মন।
বিরহ
বিরহ ?
সেই তো প্রেম যমুনার ওপাড়ে থাকে।
আমি এখনো প্রেম যমুনায় যেতেই পারলাম না। আর বিরহ ?
আমার জন্য বিরহ সে বড় দূরহ ব্যাপার !
স্বপ্নেরা ফিনিক্স পাখি হলে ---
ওদের দুঠোঁটে ফুঁড়ে দিয়েছি বিষাক্ত আলপিন
ওরা আর কিছু বলতে পারবে না...
বিষ ব্যথায় কাতরাতে থাকবে -
শরীর নীলাভ হয়ে যাবে- অবস হয়ে যাবে ।