কবিতা আকাশ কেন কাঁদে?
কবি অনিরুদ্ধ রনি
উৎসর্গ রিতু
কবিতার বিষয় প্রেম, বিরহ
4.7/5 - (3 votes)

ঘন মেঘে ঢাকা বর্ষা!
আমি বসে আছি টিনের চালের বারান্দায়,
আকাশ বয়ে নামছে বাদলের ধারা
বর্ষিত হচ্ছে আপন গতিতে।

একাকিত্বের মাঝে আমি বৃষ্টির সাথে কথা বলি
বৃষ্টি! তোমাদের কি আলাদা নাম হয়?
তোমরা কী আলাদা স্বত্ত্বা?
নাকি আমার মতোই একাকী!

তাহলে বৃষ্টি!
তোমার নাম কি?
তুমি কি আকাশের অশ্রু সলিল?

বৃষ্টি আর কিছু বলে না..
নিরবতার সাথে ঝুম শব্দ করে
অবিরত হতেই থাকে তার বর্ষণ!
অপেক্ষিত চোখে মনে পড়ে,
নিরবতাই তো সম্মতির লক্ষ্মণ!

মলিন অবসাদে আবারও বলি,
আকাশ কেন কাঁদে বলতে পারো?

সে তো মহান উদার,পৃথিবীর নিপুণ ছাঁদ
সে তো কবিদের কবিতার খোরাক,
প্রতিটি একলা পথিকের মন ভালোর কারণ
যেখানে ঘটে সকল বিষন্নতার নির্বাসন!
সে তো অসংখ্য গান আর কবিতার চরণ ;
তবে,আকাশ কেন কাঁদে?

হঠাৎ!
হঠাৎ, কোথায় যেন বাজ পড়লো
চমকে উঠে উদাস হলাম!
যে সবার মন ভালোর কারণ
তার কি মন খারাপ হয় অকারণ?
যে সবাইকে মাতিয়ে রাখে ভীষণ
তার কি মন খারাপ হয় অকারণ?
তা নাহলে ;
আকাশ কেন কাঁদে??

guest
0 Comments
Newest
Oldest Most Voted