কবিতা তোমার প্রেম আজও পেলাম না
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু

হে মোর প্রিয়া, আজও তুমি দাওনি উত্তর
আমার পত্র পাঠ করে।
সেই পত্র আজ হয়ত আছে অবহেলায়
কোন সে আঁধারের কোলে-
ধুলো তায় সাম্রাজ্য বিস্তার করেছে অবলীলায়।
জানি, আমি তোমার কাছে শুধুই ক্ষনিকের তরে
বিরহকে ভুলিয়ে রাখা খেলার পুতুল।
আতরের গন্ধ হয় উগ্ৰ।
তবু সুরভিত করে দেহ অল্পক্ষণ।
আমি সেই রূপে তোমার প্রেমের কাঙাল আজীবন।
তবু হায়! তোমার প্রেম পাইনি আজও।

চাতক যে রূপে পিপাসা নিবারণের হেতু
কেঁদে মরে সারা আকাশ ভোর।
যেদিকে তার দু'চোখ যায় সেদিকেই খোঁজে শুধু-
নদী-নালা, খাল-বিল, পুকুর-হ্রদ।
তবু পিপাসা তার মিটবে কেবল গগনের চোখের জলে।
আমি সেই রূপে তোমায় ভালোবেসে এসেছি সারা জীবন ধরে।
কিন্তু তবু ব্যর্থ আমি, ব্যর্থ আমার প্রেম।
তুমি ডাকোনি আজও আমায়,
পারিনি তাই নিজেকে আবদ্ধ রাখতে-
তোমার দুই বাহুডোরের বন্ধনে।
তোমার উত্তর না পেয়ে,
তবু আজ লিখতে বসেছি এই পত্র।
জানি আমি, এই পত্র পৌঁছাবে তোমার কাছে কোনো একদিন।
সেদিন এ পত্র দেখেও তুমি দেবে না কোনো উত্তর।
তখন এ আশা না পূরণের জীবন ত্যাগ করে,
আসব আমি তোমার কাছে প্রতি রাতে তোমারই স্বপনের মাঝে।
তোমার সাথে ঘুমের ঘোরে বলব কথা-
কোন সে দূর অজ্ঞাত অনন্তলোক হতে।
যে লোকের ব্যপ্তি হবে তোমার মনুষ্য চিন্তা ধারনারও বাইরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted