কবিতা পরিচয় বনাম পরিচয়
কবি অলোক নন্দন
সময় ৬ জুন, ২০২০
উৎসর্গ প্রেম শব্দটি যাদের সাথে যুক্তপ্রায়
লিখার স্থান সিলেট
4.3/5 - (3 votes)

বিমগ্ন অস্থিরতা
ডেকে আনে
মানুষ পরিচয়।

মানুষের পৃথিবীতেই
জন্মে, যারা আজীবন
মানুষের স্পর্শ পেলো না!

অধরা রয়ে গেলো যার কাছে
মানুষ পরিচয়!

সে গোলমেলে হলে
রাগ করার কিছু আছে?

মানুষকে ভালোবাসা মানেই
প্রেম নয়।
সব মানবী প্রেমিকা নয়
নয় সব প্রেমিকা ঠিক মানবী!
তাই ভুল বুঝবেন না।

সম্পর্ক ব্যাপারটা কীভাবে আসে?
ধরুন আপনার সাথে কথা বললে
আমি মনে স্বস্তি পাই।

জীবনের রাহা জাগে- আপনার হর্ষ-বিলাসে
ভুলে যাই, আমার কি যেনো চাপ আছে!
আমি যে হারিয়ে যাওয়ায় অভ্যস্ত কোনো তিমির
মনে থাকে না সত্যিই,
একবিংশ জগতে আমি যোগ্য নই।

তাই অগ্নিগর্ভ বা অচেনা জ্বালাময়ী,
আপনি যাই হোন, অসুবিধে নেই৷

অসুবিধে নেই আপনি জলকে
জল না বলে পানি বলুন।
আমার তৃষ্ণা মিটলো- এই তো
চাওয়ার।

আমি কোকিল বলি বা আপনি বলুন
পিঙ্গলা, আমি আকাশ বলি বা আপনি
বলুন শূন্য।
তাকিয়ে থেকে মন ভরছে তো!
এই তো চাওয়ার।
নাম দিয়ে কিছু হয়?
আপনার মনের দুরত্বে আমার মনে
যদি মন্বন্তর না হতো।

তবে বলুন? আমি কি চাইতাম
আপনার ছায়ায় বসতে।
হ্যা আপনি হয়তো সেই আম গাছ নন,
যার নীচে বসলে পাখি আর পাখিখেকো
মানুষ সমানে পরশ পায়।

আপনি হয়তো নন, সাদা-চিল
যে নির্দ্বিধায় আকাশের শুন্যতাকেই ভালোবেসে যায়।

আপনি যেই হোন
তাতে আমার ক্ষতি নেই।
কারণ আমি তো পেয়েছি,
আপনার দেয়া জলে, পানির শুভ্রতা!
তাই আমার বালাই নেই পরিচয়ের,
অন্তত আপনার সাথে!

অন্তত আপনার সাথে, বলতে পারি।
মিষ্টিমুখী!
আমার বালাই নেই মানুষ পরিচয়ের।

কেননা, আপনি শুধুই মানসী নন,
আপনার পরিচয়ে শুধু মানুষ নাম নয়।
একবিংশ শতাব্দীর মানুষ নন আপনি,
আপনি মানুষ নন শুধু।
আপনার রক্তে আমি লাল-ধ্বংস দেখছি না।

কে আপনি? কেন এলেন এই ধুলোর পৃথিবীতে?
আমরা অভিশপ্ত-কুলকে একটু জলের সন্ধান দিতে?
জীবনের স্বাদ দিতে? আপনাকে কুর্নিশ জানাই
সহস্রবার। আপনাকে প্রণাম হে অতি-মানবী!

শুধু মানুষ বলা যায় না বলেই
হয়তো আপনার সাথে আমার হলো পরিচয়!
মানুষের মতো ধোকা দিবেন না প্লিজ!

জল ছাড়া কি বাঁচা যায় বলুন?

জানেনই তো!
আমার মানুষ-পরিচয় বারণ!

…

কিছু ভালোবাসা এমনই হোক –
আকাশের মতো।
নিজেই না জানলাম
ভালোবাসি কি না?
জানেন?
না জেনেই ভালোসার অধিকার থাকে?

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted