| কবিতা | যাবোই |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | আগস্ট, ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রতিবাদ, রাজনৈতিক, স্বাধীনতা |
যখন কেউ মাজার ভেঙে দেবে,
আমি তখন মুরিদ হয়ে যাবো।
যখন কেউ বলবে পূজো হতে দেবে না,
আমি তখন পুরোহিত হয়ে যাবো।
যখন কেউ বলবে মসজিদ ভেঙে মন্দির করো,
তখন আমি মুসলমান হয়ে যাবো।
যখন কেউ বলবে নাস্তিককে কতল করো,
তখন আমি নাস্তিক হয়ে যাবো।
যখন কেউ ঈদের দিন নামাযে বাধা দেবে,
আমি তখন ইমাম হয়ে যাবো।
যখন কেউ বলবে গরু খেতে দেবে না,
আমি তখন গরুর বেপারি হয়ে যাবো।
যখন কেউ বলবে গান গাওয়া যাবে না,
আমি তখন গায়ক হয়ে যাবো।
যখন কেউ ফিলিস্তিনে বোমারু বিমান পাঠাবে,
আমি তখন ফিলিস্তিনি হয়ে যাবো।
যখন কোনো শ্রমিকের ঘামের দাম দেয়া হবে না,
আমি তখন শ্রমিক হয়ে যাবো।
আমি যাবো। আমিইতো যাবো।
আমাকে ঠেকাবে কে!?
কে আমাকে ঘরে বেঁধে রাখবে!?
দুনিয়ায়তো আমার মতো হাজার আমি আছে।