| কবিতা | সুখী হয়ো |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | নভেম্বর, ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
চূড়ান্ত প্রেমের মুহুর্তে গাছ থেকে ফুল ছিঁড়তে–
বারণ করা, আমার ভুল হয়েছে।
বিষাদের বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে–
রাজনৈতিক শুদ্ধতার আলোচনা করা, আমার ভুল হয়েছে।
গভীর অভিমানের রাতে আরেকটু বুঝতে না চাওয়া,
আরেকটু ছাড় না দেয়া, আমার ভুল হয়েছে।
হুট করে একদিন দেখা করতে চাইলে–
পকেটে কতো টাকা আছে হিসাব করা, আমার ভুল হয়েছে।
সকালের নাস্তা একসাথে করবো বলে–
দুপুরে ঘুম থেকে ওঠা, আমার ভুল হয়েছে।
সিগারেট ছেড়ে দিতে বললে রেগে যাওয়াটা,
আমার ভুল হয়েছে।
আমার অনেকগুলো ভুল হয়েছে।
এতোগুলা ভুল যে, একটার ওপর আরেকটা রাখলে–
এভারেস্টের চূড়া অনেক নিচে মনে হবে।
এতোগুলা ভুল হয়েছে যে, তুলনা করে দেখা যাবে–
ভুলগুলো নীলনদ আর গঙ্গার পানির চেয়ে ঢের বেশি।
আমি জানি, আমার ভুল হয়েছে।
তাই আমাকে ক্ষমা কোরো।
আর যদি ক্ষমা না করে সুখ পাও,
তবে তুমি খুব বেশি সুখী হয়ো।