কবিতা ওহে প্রেম!
কবি পংকজ পাল
সময় মার্চ,২০২৩, শেষরাত।
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
কবিতার বিষয় প্রেম
Review This Poem

. ওহে প্রেম!
পংকজ পাল

ওহে প্রেম!
তুমি কি এখনো বেঁচে আছো!
এইতো সেদিন-
আমার হৃদয়ে ঝড় তুলে
সব তছনছ করে দিয়ে হারিয়ে গেলে
তুমি ছিলে আমার মনের বাগানের
সৌন্দর্যের সব
ছিলে হৃদপিন্ডের স্পন্দনে
অনুভূতির অনুভব।

ওহে প্রেম!
তুমি কি এখনো বেঁচে আছো!
আমি কিন্তু তোমাকে ভুলে গেছি
সত্যিই ভুলে গেছি
ঈষৎ উষ্ণতার পরশ এখন আর মনে নেই
যেদিন তুমি না বলে চলে গিয়েছিলে
সেদিনই আমি তোমায় ভুলে গেছি,
একদম ভুলে গেছি।
হৃদয় কুঠরির খোলা দরজা-
সেই কবেই বন্ধ করে দিয়েছি
তবুও কেন মাঝে মাঝে এসে উঁকি দেয়!
যখন-তখন এসে কড়া নাড়ে অন্তর দরজায়,
বুকের চৌকাঠে সুপ্ত অনুভূতি আবার জাগায়।

ওহে প্রেম!
তুমি কি এখনো বেঁচে আছো?
তুমি কি আমার জীবনে পুনরুত্থিত হতে চাও!
হৃদয়ের চকচকে বাড়িটা এখন তেমন নেই
অগোছালো,সব এলো-মেলো
মেঝেতে শেওলা জমে আছে,
যেতে পারবে কি তার কাছে?
ওহে প্রেম!
তুমি এখনো…
তুমি কি এখনো বেঁচে আছো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted