| কবিতা | নির্বাসন চাই |
| কবি | সুজন মজুমদার |
| সময় | ৩ আষাঢ়,১৪৩২ |
| কবিতার বিষয় | প্রেম |
নির্বাসন চাই।
রামগিরিতে নয়,
নয় এ জীর্ণ পৃথিবীর কোনো পূণ্য তপোবনে,
নির্বাসন চাই কোনো এক
নির্জন গ্যালাক্সিতে।
যেখানে স্নিগ্ধ সুষমায়
গলা পচা মস্তিষ্কও হয় উর্বর।
যেখানে নিষ্করুণ সূর্য
পোড়ায় না কোমল শরীর,
বরফে জমাট বাঁধে না
কারও হৃৎপিন্ড।
যেখানে,
তপ্ত বাতাসে ভাপসা হয় না
প্রণয়ী যুগল।
কিংবা,লোড শেডিংয়ে গুমোট বাঁধা
স্যাতঁস্যাতে রাত্রে
অকারণ শয্যাত্যাগের থাকে না বালাই।
যেখানে বর্ষা আছে,
অথচ নেই বিরহের ক্লেশ,
মিলনের উন্মাদনা।
বসন্ত নামে, ফুল ফোটে,
কোকিল ডাকে,
কিন্তু ফুলশর নিয়ে মদনের পদচারণ
নিষিদ্ধ
এবং যেখানে
স্বতঃস্ফূর্ত প্রেমাবেগে ঘটে প্রণয়।
সেখানে আছে জ্যোৎস্নার প্লাবন
কিন্তু নেই মর্ত্যের চাঁদের মতো
অভিসার দেখার সুসুপ্ত বাসনা।
সেখানে নেই কোনো পার্থিব আত্মীয়তা,
কোনো শরীরী কিংবা অশরীরী আকর্ষণ,
এমনই এক অপার্থিব গ্রহে
বিমুক্ত সত্তা হিসেবে
আমি চাই নির্বাসন।