কবিতা আশা ভঙ্গ/ শেষ ইচ্ছা
কবি সজীব সেন
সময় আগস্ট, ২০২৪, সন্ধ্যা
উৎসর্গ অন্যােয়র প্রতিবাদে, মুক্তির আন্দোলনে যারা অহত, অত্যাচারিত, শহীদ
লিখার স্থান কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
সম্পৃক্ততা ১৯৫২, ১৯৭১, ১৯৮৩, ১৯৯০, ২০২৪ সহ ভিন্ন ভিন্ন বাস্তবতায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক এক তরুণ, শহীদ হওয়ার পর দেখে তার স্বপ্ন আশা একে একে ভেঙে যায়! সে শহীদের চিন্তার হতাশা ভাবনায় যে ছন্দ খুঁজে পায়...
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, মৃত্যু, রাজনৈতিক, রূপক, সমসাময়িক

আশ্চর্য লোভ ছিল আমার, লোভ ছিল বেঁচে থাকবার,
তবে, মাথা উঁচু করে...

অন্যায়, অনিয়ম, দাসত্বে মাথা নোয়াবো না বলে,
আমি মিছিলে গিয়েছিলাম,
তথাকথিত সমরাস্ত্রের নির্লজ্জ বুলেট
আমার মাথায় আঘাত করে!!
মৃত্যু সমুদ্র ঝড়ে আমি লাশ হলাম।

হাসপাতালে-পুলিশে টানাটানি হলো,
নিথর দেহ আবারো রাজপথে এলো,
এবার আমি বেওয়ারিশ হলাম।

লাশ ঘরে যখন পচে-গলে যাচ্ছি
শহর জুড়ে কারফিউ,
যেন গোরস্তানের নীরবতা!
শ্মশান জ্বলছে যত্রতত্র!
স্বপ্ন গুলো আঁধারে মিলিয়ে যাচ্ছে
যেভাবে হারাচ্ছে বারুদের গন্ধ বাতাসে।

রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির ইতিহাসে সব হিসেব মিললো,
শুধু মিললো না লাশের হিসেব!
না মেলা হিসেবে আমার রক্ত বিন্দু
অবেলার বৃষ্টিতে ধুয়ে যায়,
মিশে যায় ধূলায় ধূসরিত হয়ে।

হায় ঈশ্বর! আহারে ঈশ্বর! আমি কি প্রতারিত? নাকি ভুল!
আমার জানতে ইচ্ছে হয়! আমি সন্দিহান,
মস্তিষ্কে আটকে থাকা বুলেটের মালিক কে?
রাষ্ট্র? নাকি ষড়যন্ত্র? নাকি অন্যকিছু...

তবে রাজপথের প্রতিটি ধূলিকণা যদি সাক্ষ্য দেয়,
যদি না করে বেইমানি,
জনস্রােতে ভাঙবে অন্যায়ের বাঁধ,
বইবে উদ্দাম বাতাস,
তারুণ্যের চিৎকারে স্লোগানে স্লোগানে বারে বারে
মিছিলে মিছিলে সমস্বরে উঠবে জেগে
'মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই'

guest
0 Comments
Newest
Oldest Most Voted